ইউরোপে মোবাইল স্যাটেলাইট তরঙ্গ ব্যবহারের নতুন সুযোগ পেতে যাচ্ছে ইলন মাস্কের স্টারলিংক এবং অ্যামাজনের স্যাটেলাইট ব্যবসা। আগামী বছরে এই তরঙ্গ বরাদ্দ নতুন করে দেওয়া হবে, যেখানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে এই দুই প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, দুর্গম অঞ্চলেও মোবাইল ফোন ও যানবাহনে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে এই তরঙ্গের দুই-তৃতীয়াংশ ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সংরক্ষিত রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভায়াস্যাট এবং ইকোস্টার এই তরঙ্গ ব্যবহারের অনুমতি পেয়েছে। ২০২৭ সালের মে মাসে তাদের বর্তমান অনুমোদনের মেয়াদ শেষ হবে। এরপর নতুন করে তরঙ্গ বণ্টন কীভাবে হবে, তা নিয়ে কাজ করছে ইউরোপীয় কমিশন।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর প্রযুক্তিনির্ভরতা কমানোর বিষয়েও জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এর অংশ হিসেবে ইউরোপের নিজস্ব স্যাটেলাইট প্রকল্প ‘IRIS²’–কেও তরঙ্গ বরাদ্দ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্য ও নরওয়ের প্রতিষ্ঠানগুলোকেও এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বুধবার আসতে পারে, যদিও কমিশনের বৈঠকে শেষ মুহূর্তে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউরোপীয় কমিশনের এক অংশ পুরো তরঙ্গ শুধু ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সংরক্ষণের পক্ষে মত দিলেও প্রযুক্তিবিষয়ক শীর্ষ কর্মকর্তা হেনা ভিরকুনেন কোনো প্রতিষ্ঠানকে পুরোপুরি বাদ দেওয়ার পক্ষে নন। ফলে শেষ পর্যন্ত তার অবস্থানই প্রাধান্য পেতে পারে।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র টমাস রেনিয়ে বলেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ইউরোপের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তার ভাষায়, প্রযুক্তিগত সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘IRIS²’ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



