সাইফুল ইসলাম: মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের একাধিক চিকিৎসক হাসপাতালের দায়িত্বকালীন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়ায় সরকারি চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ভোগান্তির শিকার হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ক্যাম্পটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সরেজমিনে শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের কয়েকটি কক্ষে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা অনুপস্থিত রয়েছেন। ২০৩ ও ২০৪ নম্বর কক্ষের সার্জন ডা. মোহাম্মদ আরিফুর রহমান ও ডা. মো. ফেরদৌস রায়হান, ২০৫ নম্বর কক্ষের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক ডা. দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন না। এছাড়া গাইনি বিভাগের চিকিৎসক ডা. জুলহাস উদ্দিনও হাসপাতালে দায়িত্ব পালন না করে মেডিকেল ক্যাম্পে অংশ নিয়েছেন বলে জানা যায়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুন আহমেদও হাসপাতালে উপস্থিত না থেকে কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করে মেডিকেল ক্যাম্পে যোগ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে, অফিসার ইনচার্জ (প্রশাসন) ডা. বদরুল আলম চৌধুরী ক্যাম্পে অংশ নিতে ছুটি নিয়েছেন।
এছাড়া হাসপাতালটির অর্থোপেডিক্স বিভাগে তিনজন চিকিৎসকের দায়িত্ব পালনের কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র একজন। বিভাগের চিকিৎসক ডা. শিবাশীষ বসাক ও ডা. মো. শহীদুল আজম হাসপাতালে অনুপস্থিত ছিলেন। পরে দুপুর ১টার দিকে হরিজন পল্লীতে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. মো. শহীদুল আজমকে দেখা যায়।
চিকিৎসক না পেয়ে ভোগান্তিতে পড়ার কথা জানান হাসপাতালে আসা রোগীরা। সুইটি আক্তার নামে এক নারী বলেন, “মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম। কিন্তু ডাক্তার না থাকায় ফিরে যেতে হয়েছে।”
রমজান নামে আরেক ব্যক্তি বলেন, “অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় চিকিৎসা করাতে পারিনি।”
হাসপাতালের নাক-কান-গলা বিভাগের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এহসানুল কবির জানান, চিকিৎসক ডা. দিদারুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়ায় হাসপাতালে আসা অনেক রোগী চিকিৎসা না পেয়েই ফিরে গেছেন।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক চিকিৎসক বলেন, চিকিৎসক সংকটের কারণে কর্মরত চিকিৎসকদের অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হয়েছে। ফলে অনেক রোগী কাঙ্ক্ষিত সেবা পাননি।
এ বিষয়ে হাসপাতালের আরএমও ডা. মামুন আহমেদ বলেন, “হাসপাতালের কয়েকজন চিকিৎসক ছুটি নিয়ে মেডিকেল ক্যাম্পে অংশ নিয়েছেন। আমিও ছুটি নিয়ে মেডিকেল ক্যাম্পে এসেছি। আমার পরিবর্তে আরেকজন চিকিৎসককে সাময়িকভাবে দায়িত্ব দিয়ে এসেছি।”
মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, “কয়েকজন চিকিৎসক সকালে কিছু সময় দায়িত্ব পালন করে মেডিকেল ক্যাম্পে গেছেন। ক্যাম্প শেষে দুপুরের দিকে তারা আবার হাসপাতালে ফিরে এসে দায়িত্ব পালনের কথা ছিল।”
তিনি আরও বলেন, “এই মেডিকেল ক্যাম্পে সরকারি কোনো ওষুধ, অ্যাম্বুলেন্স বা আর্থিক সহায়তা দেওয়া হয়নি। সরকারের কোনো অর্থ ব্যয় হয়নি। শুধু কয়েকজন চিকিৎসক সেবা দিয়েছেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



