আজকের ডিজিটাল জীবনে ফ্রি ওয়াই-ফাই আমাদের কাজ ও যোগাযোগকে সহজ করেছে। ক্যাফে, বিমানবন্দর, স্টেশন—প্রায় সর্বত্রই মিলছে বিনামূল্যের ইন্টারনেট। তবে এই সুবিধাই সাইবার অপরাধীদের জন্য বড় ফাঁদ হতে পারে। সচেতন না হলে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এমনকি ব্যাংকিং ডেটাও ঝুঁকিতে পড়তে পারে।

নিরাপদ থাকতে মেনে চলুন এই ৭টি পরামর্শ—
নেটওয়ার্কের নাম দেখে বিভ্রান্ত হবেন না
সাইবার অপরাধীরা প্রায়ই অফিসিয়াল নামের মতো নেটওয়ার্ক তৈরি করে—যেমন “Airport Free WiFi” বা “Cafe Official WiFi”। ভুল নেটওয়ার্কে যুক্ত হলে আপনি ফিশিং লিঙ্ক বা ক্ষতিকর সার্ভারে সংযুক্ত হতে পারেন।
সন্দেহজনক লগইন পেজে তথ্য দেবেন না
নেটওয়ার্কে ঢোকার সময় যদি অপ্রয়োজনীয় তথ্য, পাসওয়ার্ড বা নম্বর চাওয়া হয়, সতর্ক হোন। অস্বাভাবিক ধীরগতি বা অতিরিক্ত পারমিশন চাওয়াও ঝুঁকির ইঙ্গিত।
অটোমেটিক ওয়াই-ফাই সংযোগ বন্ধ রাখুন
মোবাইল বা ল্যাপটপের সেটিংসে অটোমেটিক কানেক্ট অপশন বন্ধ রাখুন। এতে ডিভাইস নিজে থেকেই অপরিচিত নেটওয়ার্কে যুক্ত হবে না।
প্রাইভেসি ফায়ারওয়াল বা ভিপিএন ব্যবহার করুন
পাবলিক নেটওয়ার্কে তথ্য সুরক্ষায় ফায়ারওয়াল বা ভিপিএন ব্যবহার করা ভালো। এতে আপনার ডেটা এনক্রিপ্টেড থাকবে এবং অননুমোদিত অ্যাক্সেসের ঝুঁকি কমবে।
আলাদা ভ্রমণ অ্যাকাউন্ট ব্যবহার করুন
ফ্রি নেটওয়ার্ক ব্যবহারের জন্য আলাদা একটি ইমেইল বা সোশ্যাল অ্যাকাউন্ট খুলে রাখুন। এতে মূল অ্যাকাউন্টের তথ্য সুরক্ষিত থাকবে।
প্যাডলক চিহ্ন ও নিরাপত্তা সনদ যাচাই করুন
ওয়েবসাইটে ঢোকার আগে ঠিকানার পাশে প্যাডলক আইকন আছে কি না দেখুন। সন্দেহজনক সনদ বা সতর্কবার্তা দেখালে সংযোগ এড়িয়ে চলুন।
সংবেদনশীল কাজ এড়িয়ে চলুন
পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে অনলাইন ব্যাংকিং, বড় অঙ্কের লেনদেন বা গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান না করাই ভালো।
ফ্রি ওয়াই-ফাই পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। তবে সচেতনতা, সঠিক সেটিংস এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে সাইবার আক্রমণের সম্ভাবনা অনেকটাই কমানো যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


