ক্ষমা প্রার্থনা শুধু পাপ মোচনের মাধ্যম নয়; এটি একটি মহৎ ইবাদত। মহান আল্লাহ বলেন, ‘তুমি তোমার গোনাহের জন্য ক্ষমা চাও এবং সকালে ও সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করো।’ (সুরা মুমিন, আয়াত ৫৫)

নিজের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি সকল মুমিন নারী-পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ বলেন, ‘তুমি তোমার নিজের এবং মুমিন নারী-পুরুষদের জন্য ক্ষমা চাও।’ (সুরা মুহাম্মাদ, আয়াত ১৯)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি অন্য মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার আমলনামায় প্রতিটি মুমিনের সংখ্যার সমান নেকি লিখে দেন।
নবী-রাসুলগণও সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। যেমন, আদম ও হাওয়া (আ.) নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চান, নূহ (আ.) মুমিনদের জন্য দোয়া করেন, ইব্রাহিম (আ.) নিজে ও পরিবারের জন্য এবং সব মুমিনের জন্য ক্ষমা চান।
মুসা (আ.) নিজের ভুলের জন্য ক্ষমা চান, দাউদ (আ.) পরীক্ষার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সোলায়মান (আ.) আল্লাহর কাছে ক্ষমা ও অনন্য রাজত্বের জন্য দোয়া করেন।
এসব থেকে বোঝা যায়, ক্ষমা প্রার্থনা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। নবী-রাসুলরা নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তাই আমাদেরও বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত।
ক্ষমা চাওয়ার একটি সুন্দর পদ্ধতি হলো—সুন্দরভাবে অজু করে দুই রাকাত সালাত আদায় করা, এরপর নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তাওবা ও ক্ষমা প্রার্থনা করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এভাবে ক্ষমা চাইলে আল্লাহ বান্দার পাপ মাফ করে দেন।
তবে খেয়াল রাখতে হবে, কোনো পাপ যদি মানুষের অধিকারের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না; বরং সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেও ক্ষমা নিয়ে নিতে হবে।
আহমাদ ইজাজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


