দেশের বিভিন্ন অঞ্চলে ‘গুলগুলা’ বা ‘গুলগলা’ নামে পরিচিত একটি জনপ্রিয় নাস্তা এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে। কম দামে সহজলভ্য এই পিঠা গরম গরম খেতে যেমন সুস্বাদু, তেমনি নরম ও তুলতুলে হওয়ায় সব বয়সী মানুষের কাছেই এটি প্রিয়। বাইরে হালকা মচমচে আর ভেতরে নরম এই পিঠা অনেকেই বিকেলের নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নে দ্রুত তৈরি করে পরিবেশন করে থাকেন।

আটা বা ময়দা দিয়ে তৈরি এই খাবারটি খুব সহজেই ঘরেই বানানো যায়।
উপকরণ
আটা বা ময়দা – ১.৫ কাপ
চিনি বা গুঁড় – ১ কাপ
ইস্ট – ১ চা চামচ
মৌরি – আধা চা চামচ
এলাচ গুঁড়া – আধা চা চামচ
বেকিং সোডা – আধা চা চামচ
লবণ – স্বাদমতো
পানি – প্রয়োজনমতো
তেল – ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
প্রথমে হালকা গরম পানিতে ইস্ট ও চিনি গুলিয়ে নিতে হবে। এরপর আটা, মৌরি, এলাচ গুঁড়া ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে সেই ইস্টের মিশ্রণে যোগ করতে হবে। ধীরে ধীরে পানি দিয়ে ঘন ও আঠালো ব্যাটার তৈরি করতে হবে।
এরপর ব্যাটারটি ২–৩ মিনিট ভালোভাবে ফেটিয়ে ঢেকে ১৫–৩০ মিনিট রেখে দিতে হবে, যাতে এটি ফেঁপে ওঠে।
কড়াইয়ে তেল গরম করে হাত ভিজিয়ে ছোট ছোট বলের আকারে ব্যাটার ছাড়তে হবে। মাঝারি আঁচে ভেজে বাদামি রং হলে নামিয়ে নিতে হবে এবং অতিরিক্ত তেল ঝরিয়ে পরিবেশন করতে হবে।
টিপস
* ব্যাটার ঘন ও আঠালো রাখতে হবে, পাতলা হলে পিঠা ভালো হবে না
* গরম জায়গায় রেখে ফারমেন্ট করলে ভালোভাবে ফুলবে
* ছোট বল আকারে ভাজলে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হবে
* ভাজার সময় বারবার নেড়ে দিতে হবে
* টিস্যু পেপারে রাখলে অতিরিক্ত তেল শোষিত হবে
গরম গরম গুলগুলা চায়ের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



