গরমকালের আগমন মানেই বাড়ির এসি আবার অন করার সময়। কিন্তু কয়েক মাস বা এমনকি বছরখানেক বন্ধ থাকার পর সরাসরি এসি চালানো একেবারেই নিরাপদ নয়। এতে কুলিং প্রভাব কমতে পারে এবং বড় ধরনের যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে। তাই এসি চালুর আগে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

১. এয়ার ফিল্টার পরিস্কার বা বদলানো
যদি এসি দীর্ঘদিন বন্ধ থাকে, তবে ফিল্টারের মধ্যে জমে থাকা ধুলো, ময়লা ও ব্যাকটেরিয়ার কারণে বাতাস সঠিকভাবে চলবে না। ফলে ঘর ঠান্ডা হবে ধীরে এবং ভেতরে অস্বস্তিকর গন্ধ ছড়াতে পারে। ফিল্টার যদি খুব পুরোনো বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নতুন ফিল্টার লাগানোই ভালো।
২. ইনডোর ইউনিটের গভীর পরিস্কার
ইনডোর ইউনিটের কুলিং কয়েল এবং ব্লোয়ার ফ্যানে ধুলো জমে গেলে কুলিং ক্ষমতা কমে যায় এবং বিদ্যুৎ খরচ বাড়ে। এছাড়াও, ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্মের ঝুঁকিও থাকে। তাই পেশাদার টেকনিশিয়ানের মাধ্যমে ইউনিট ভালোভাবে পরিষ্কার করানো জরুরি।
৩. আউটডোর ইউনিট পরীক্ষা ও পরিস্কার
আউটডোর ইউনিটে পাতা, ধুলো, ময়লা বা পাখির বাসা জমতে পারে। এতে এসি তাপ বের করতে পারে না এবং যন্ত্রাংশে চাপ পড়ে। যেকোনো সমস্যা এড়াতে, এসি চালুর আগে আউটডোর ইউনিট পরিস্কার ও ফ্যান পরীক্ষা করা প্রয়োজন।
৪. রেফ্রিজারেন্ট গ্যাস লেভেল চেক করা
দীর্ঘদিন ব্যবহার না হলে বা পুরোনো এসিতে গ্যাস কমে যেতে পারে। গ্যাস কম থাকলে কুলিং কমে এবং কম্প্রেসারে অতিরিক্ত চাপ পড়ে। গ্যাস লিক আছে কি না পরীক্ষা করা এবং প্রয়োজন হলে রিফিল করানো গুরুত্বপূর্ণ।
৫. ড্রেন পাইপ ও পানি নিষ্কাশন পরীক্ষা
ইনডোর ইউনিট থেকে পানি বের হয় ড্রেন পাইপ দিয়ে। দীর্ঘদিন বন্ধ থাকলে পাইপে ময়লা জমে ব্লকেজ তৈরি হতে পারে। এর ফলে ঘরের ভেতরে পানি পড়ার ঝুঁকি থাকে। তাই এসি চালুর আগে ড্রেন পাইপ পরিস্কার করা জরুরি।
৬. ইলেকট্রিক কানেকশন ও রিমোট চেক করা
দীর্ঘদিন ব্যবহারের পর এসির তার, প্লাগ ও মেইন সুইচ ঢিলে বা খারাপ হতে পারে। এটি শর্ট সার্কিট বা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে। রিমোটের ব্যাটারি পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ।
৭. ট্রায়াল রান করা
সব পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শেষে অন্তত ১৫-২০ মিনিট এসি চালিয়ে দেখুন। এতে কুলিং ঠিক আছে কি না, অস্বাভাবিক শব্দ হচ্ছে কি না বা কোথাও পানি পড়ছে কি না, সবই পরীক্ষা করা যায়।
গরমের সময় এসি সমস্যাহীনভাবে ব্যবহার করতে চাইলে এগুলো করা বাধ্যতামূলক। নিয়মিত সার্ভিসিং ও পরীক্ষা-নিরীক্ষা বড় ধরনের যান্ত্রিক সমস্যার ঝুঁকি কমায় এবং বিদ্যুতের খরচও নিয়ন্ত্রণে রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


