রমজান মাসে ইফতারে নানা ধরনের খাবারের আয়োজন দেখা যায়। এই সময়ে খাবারের পরিমাণ তুলনামূলক বেশি হয়ে থাকে। অনেকেই চেষ্টা করেন ইফতারে তাদের পছন্দের সব খাবার রাখার, বিশেষ করে ভাজাপোড়া ও ট্র্যাডিশনাল আইটেম। তবে যে খাবারটি প্রায় সবারই ইফতারের সময় প্রিয়, তা হলো ছোলা।

রমজানে ছোলার প্রতি আলাদা আকর্ষণ থাকে। অনেক রোজাদার প্রতিদিনই বাসায় ছোলা তৈরি করেন। কিন্তু ছোলা খাওয়ার সময় সঠিক নিয়ম মেনে খেলে পুষ্টি গ্রহণ অনেক বেশি কার্যকর হয়। চ্যানেল ২৪ অনলাইনের সঙ্গে কথা বলেছেন পুষ্টিবিদ ফৌজিয়া আহমেদ অনু। তিনি ছোলা খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন—
১. আগে ভিজিয়ে রাখুন:
অনেকে সরাসরি ছোলা সেদ্ধ করে খাওয়ার জন্য রান্না করেন। এতে শরীর প্রোটিন পুরোপুরি শোষণ করতে পারে না। তাই ছোলাকে ৮–১২ ঘণ্টা ভিজিয়ে রাখলে হজম সহজ হয়, গ্যাস কমে এবং প্রোটিন ও আয়রন ভালোভাবে শোষিত হয়। রান্নার আগে ভিজানো পানি ফেলে দিতে হবে।
২. অঙ্কুরিত ছোলা বেশি পুষ্টিকর:
যদি সময় থাকে, ছোলা ভিজিয়ে রেখে তা অঙ্কুরিত করুন। এতে প্রোটিনের মান বৃদ্ধি পায়, আয়রন শোষণ বৃদ্ধি পায়, ভিটামিন সি তৈরি হয় এবং হজম আরও সহজ হয়। অর্থাৎ অঙ্কুরিত ছোলা শরীরের জন্য আরও উপকারী।
৩. ভাজা ছোলা:
ভাজা বা ভুনা ছোলা প্রোটিনের ঘন উৎস। এতে পানি কম থাকে, তাই প্রোটিনের ঘনত্ব বেশি এবং পেট ভরে। ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।
৪. লেবু বা টমেটো দিয়ে খাওয়ার উপকারিতা:
ছোলায় থাকা আয়রন শরীর সহজে শোষণ করতে পারে না। তাই ছোলার সঙ্গে লেবু, টমেটো বা কাঁচা মরিচ মিশিয়ে খেলে আয়রন শোষণ বৃদ্ধি পায়।
৫. ছোলা ও শস্য একসঙ্গে:
শুধু ছোলা খেলে কিছু প্রোটিন উপাদান কম পাওয়া যায়। ভাত বা রুটির সঙ্গে খেলে পুরোপুরি প্রোটিন (কমপ্লিট প্রোটিন) পাওয়া যায়।
সর্বোত্তম উপায়:
ফৌজিয়া আহমেদ অনু বলেন, ছোলা খেতে চাইলে আগে ভিজিয়ে রেখে, সম্ভব হলে অঙ্কুরিত করে রান্না করা উচিত। লেবু বা অন্যান্য শাক-সবজি মিশিয়ে খাওয়া আরও কার্যকর। এছাড়া ছোলার সঙ্গে শস্য মিলিয়ে খেলে শরীরের পুষ্টি সর্বাধিক পাওয়া যায়। তবে সব কিছুরই সীমিত পরিমাণে খাওয়া ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


