ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তা যত বাড়ছে, প্রতারণার ঝুঁকিও তত বাড়ছে। এখন ইনস্টাগ্রাম শুধু ছবি বা ভিডিও ভাগাভাগির মাধ্যম নয়, বরং সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যবস্তু। বিশেষ করে সরাসরি বার্তার মাধ্যমে নানা কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হচ্ছে। কখনো আকর্ষণীয় অফার, কখনো পরিচিত প্রতিষ্ঠানের নাম, আবার কখনো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির ছদ্মবেশে ভুয়া সংযোগ পাঠানো হয়।

অনেক সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবহারকারীকে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। কেউ যদি ভুল করে সেই সংযোগে প্রবেশ করে নিজের তথ্য দিয়ে দেন, তাহলে মুহূর্তেই অ্যাকাউন্ট চলে যেতে পারে প্রতারকদের দখলে। এরপর তারা সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অন্যদের কাছেও একই ধরনের প্রতারণার বার্তা পাঠায়।
প্রতারণার কৌশল যেভাবে কাজ করে
ধরা যাক, আপনার কাছে একটি বার্তা এলো যেখানে বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবার প্রবেশ করতে হবে। সঙ্গে একটি সংযোগ দেওয়া আছে।
সেটি খুললে দেখতে আসল প্রবেশ পৃষ্ঠার মতোই মনে হবে, কিন্তু সেটি আসলে ভুয়া ঠিকানা। সেখানে ব্যবহারকারী নাম ও গোপন সংকেত লিখলেই সেই তথ্য সরাসরি পৌঁছে যায় প্রতারকদের হাতে। এরপর তারা খুব সহজেই আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
নিরাপদ থাকার উপায়
-এই ধরনের প্রতারণা এড়াতে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
-অচেনা বা সন্দেহজনক কোনো সংযোগে প্রবেশ করবেন না।
-লোভনীয় পুরস্কার বা অর্থের প্রলোভন দেখানো বার্তা আগে যাচাই করুন।
-অপরিচিত কোনো ফাইল বা সংযুক্ত নথি ডাউনলোড করবেন না।
-ব্যক্তিগত তথ্য, গোপন সংকেত বা এককালীন যাচাইকরণ নম্বর কারও সঙ্গে ভাগ করবেন না।
-অ্যাকাউন্টে দুই ধাপ যাচাইকরণ পদ্ধতি চালু রাখুন।
-সচেতন ব্যবহারই পারে আপনাকে ও আপনার পরিচিতদের সাইবার প্রতারণার এই ফাঁদ থেকে সুরক্ষিত রাখতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


