জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাকতুফ (জিহাদ) বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল করপোরেশনে ‘ইয়েল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ পেয়েছেন।

তিনি ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ২০১২ সালে স্নাতক (সম্মান) এবং ২০১৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
পরবর্তীতে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে পিএইচডি করার সুযোগ পান। ২০২৬ সালে তিনি পিএইচডি সম্পন্ন করেন এবং একই বছর ইনটেল করপোরেশনে ‘ইয়েল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে যোগ দেন।
নিয়োগ প্রসঙ্গে আব্দুল্লাহ আল মাকতুফ জিহাদ বলেন, তিনি ইনটেলে এই পদে চাকরির প্রস্তাব পেয়েছেন এবং এই অর্জনকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। এ পথে যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পিএইচডি সম্পন্ন করার মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রথম সাক্ষাৎকারে ইনটেল থেকে অফার পান। দীর্ঘদিনের প্রস্তুতি ও গবেষণার অভিজ্ঞতাই এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে।
পিএইচডি চলাকালে তিনি কেমিস্ট্রি গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর মতে, এই অভিজ্ঞতা নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়তা করেছে এবং সঠিক সময়ে সঠিক সুযোগ কাজে লাগাতে ভূমিকা রেখেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, তাঁদের শিক্ষার্থীরা দেশ-বিদেশে সাফল্য অর্জন করছে, যা গর্বের বিষয়। ভবিষ্যতে আরও শিক্ষার্থী বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



