বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা চীনে তাদের উন্নত ড্রাইভিং সহায়ক প্রযুক্তি “ফুল সেলফ-ড্রাইভিং (FSD)” আনুষ্ঠানিকভাবে চালু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি বর্তমানে বিশ্বের ১০টি দেশে সুপারভাইজড বা তত্ত্বাবধানে চালিত FSD সুবিধার অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

টেসলা এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় জানায়, চীনে এই ফিচারটি এখন থেকে “ইন্টেলিজেন্ট অ্যাসিস্টেড ড্রাইভিং” নামে পাওয়া যাবে। দেশটিতে টেসলা মডেল ৩ গাড়িতে এই প্রযুক্তি যুক্ত করতে গ্রাহকদের এককালীন প্রায় ৬৪ হাজার ইউয়ান (প্রায় ৯ হাজার ৪১০ মার্কিন ডলার) অতিরিক্ত খরচ করতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রে এই ফিচারের মূল্য ছিল এককালীন ৮ হাজার ডলার। পরে টেসলা এটিকে মাসিক ৯৯ ডলারের সাবস্ক্রিপশন মডেলে রূপান্তর করে।
বর্তমান সুপারভাইজড FSD মূলত একটি উন্নত ড্রাইভার-অ্যাসিস্ট সিস্টেম, যেখানে চালককে পুরোপুরি নিয়ন্ত্রণ ছাড়তে হয় না। তবে টেসলা জানিয়েছে, ভবিষ্যতে “আনসুপারভাইজড FSD” সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে সক্ষম হবে।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক দাবি করেছেন, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় সংস্করণ ব্যাপকভাবে চালু হতে পারে। তবে এর সময়সীমা নিয়ে অতীতে তার অতিরিক্ত আশাবাদী পূর্বাভাসের নজির রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনে টেসলার রোবোট্যাক্সি সেবায় সীমিতভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চীনের সড়ক ব্যবস্থা ম্যাপিং এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করার পর অবশেষে দেশটির বাজারে FSD চালুর অনুমতি পেয়েছে টেসলা। বর্তমানে সুপারভাইজড FSD চালু আছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, পুয়ের্তো রিকো, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও লিথুয়ানিয়ায়।
সূত্র: এনগ্যাজেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



