যশোর শহরের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নাম ব্যবহারকারী ক্যাডার আরিফের বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত আরিফ পালিয়ে যেতে সক্ষম হলেও তার দুই ভাইসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর যশোর শহরের ঢাকা রোডে বিসিএমসি কলেজসংলগ্ন আরিফের বাড়িতে এই অভিযান শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা অভিযানে সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, দুটি মেটাল স্ট্রিপ, পাঁচ বোতল মদ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে আরিফ কৌশলে পালিয়ে গেলেও তার দুই ভাই—জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগরকে আটক করা হয়। একই সঙ্গে আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকেও হেফাজতে নেয় যৌথবাহিনী। পরে ভোর সাড়ে চারটার দিকে আটক চারজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ, সাকি ও সাগর এলাকায় দাপুটে ও প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে আরিফ ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান। পাশাপাশি তিনি শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, যুবলীগের নাম ব্যবহার করে আরিফ দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অতীতেও অস্ত্রসহ গ্রেপ্তারের একাধিক অভিযোগ রয়েছে। এসব কারণেই দীর্ঘদিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিলেন।
বিশেষ বাহিনীর নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই মধ্যরাতের অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের আগেই পরিস্থিতি আঁচ করে পালিয়ে যান আলোচিত সন্ত্রাসী আরিফ।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


