বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ক আলোচনা ও চা–চক্রে এই ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করেছে লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচ ও নিকেতন।
জুবাইদা রহমান বলেন, “দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ। আমাদের সবাইকে নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অবদান রাখতে হবে।”
স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি জানান, “চিকিৎসার অভাবে অনেক মা সন্তান জন্মদানের সময় প্রাণ হারান। প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ জন্মদানের ব্যবস্থা করা হবে এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।”
নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে তিনি বলেন, “কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা নানা হয়রানির মুখে পড়েন। গার্মেন্টস খাতের হাজারো নারী কর্মীর রাতের চলাচল নিরাপদ নয়। আমরা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ আবাসন, যাতায়াত ব্যবস্থা ও ডে–কেয়ার সেন্টার নিশ্চিত করব।”
বয়োজ্যেষ্ঠ নারীদের জন্য তিনি উল্লেখ করেন, “পিতা-মাতার ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।”
নারী উদ্যোক্তা ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য জুবাইদা রহমান বলেন, “নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়া হবে এবং অনানুষ্ঠানিক খাতে নারীর কর্মসংস্থান বাড়ানো হবে।”
আলোচনা সভায় এলাকাভিত্তিক পরিবেশ, যানজট ও পরিবহন খাতের সমস্যা তুলে ধরে জুবাইদা রহমান জানান, “বিএনপির ইশতেহারে এসব সমস্যার সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত সমাধান অন্তর্ভুক্ত রয়েছে।”
সভায় উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, স্থপতি ও পাইলট ক্যাপ্টেন ইয়াসমিন, সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নায়লা জামান। পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তা ও সমাজকর্মীরাও বক্তব্য দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


