বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী বর্তমানে একটি বিস্ফোরিত নক্ষত্র থেকে ছড়িয়ে পড়া ধুলোমেঘের মধ্য দিয়ে অতিক্রম করছে। অ্যান্টার্কটিকার বরফ ও তুষারের মধ্যে পাওয়া তেজস্ক্রিয় লোহার কণা এই দাবির গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষকদের মতে, কোটি কোটি বছর আগে সংঘটিত বিশাল নক্ষত্র বিস্ফোরণের ধ্বংসাবশেষ এখনো মহাকাশে ভেসে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে।

‘ফিজিক্যাল রিভিউ লেটার্স’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাটি জার্মানির হেলমহোলৎজ-জেনট্রুম ড্রেসডেন-রসেনডর্ফের একটি আন্তর্জাতিক গবেষক দলের নেতৃত্বে সম্পন্ন হয়। গবেষণায় অ্যান্টার্কটিকার বরফে লোহা-৬০ নামের একটি তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা পৃথিবীতে স্বাভাবিকভাবে তৈরি হয় না। তাই বিজ্ঞানীরা ধারণা করছেন, এর উৎস মহাকাশ।
গবেষণার জন্য ইউরোপীয় অ্যান্টার্কটিকা বরফ-কোর প্রকল্পের আওতায় সংগৃহীত প্রায় ২৯৫ কেজি বরফ পরীক্ষা করা হয়। এসব বরফের বয়স ছিল আনুমানিক ৪০ হাজার থেকে ৮০ হাজার বছর। গবেষকেরা বরফ গলিয়ে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র লোহার কণা পৃথক করেন। পরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ভারী আয়ন ত্বরক যন্ত্রের সাহায্যে পৃথক পরমাণুগুলো শনাক্ত করা হয়।
গবেষক অ্যানাবেল রোলোফস বলেন, এই কাজটি ছিল বিশাল খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো অত্যন্ত কঠিন। অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তির মাধ্যমে এটি সম্ভব হয়েছে।
গবেষক ডমিনিক কোল জানান, সৌরজগৎ বর্তমানে যে আন্তঃনাক্ষত্রিক মেঘের মধ্য দিয়ে অতিক্রম করছে, সেখানে দীর্ঘ সময় ধরে লোহা-৬০ জমা থাকতে পারে। পৃথিবী সেই মেঘের মধ্য দিয়ে চলার সময় এসব কণা সংগ্রহ করছে। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার মহাজাগতিক পরিবেশ এবং পৃথিবীর পারস্পরিক সম্পর্ক বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


