রান্নাঘরকে সুন্দর ও গোছানো রাখতে অনেকেই শৌখিন কৌটা ব্যবহার করেন। লবণ, হলুদ, মরিচের গুঁড়া বা অন্যান্য মসলা রাখার জন্য এসব কৌটা যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি ব্যবহারেও সুবিধাজনক। তবে নিয়মিত ব্যবহারের ফলে এগুলো পরিষ্কার রাখা বেশ কঠিন হয়ে পড়ে।

দিন শেষে দেখা যায়, কৌটার গায়ে তেলচিটে ও আঠালো একটি স্তর জমে থাকে, যা সহজে দূর হয় না। সাবান দিয়ে বারবার ঘষলেও হাত দিলে সেই চটচটে অনুভূতি থেকেই যায়।
রান্নাঘরে প্রতিনিয়ত তেল ও মসলা ব্যবহার হওয়ায়, বিশেষ করে চুলার কাছাকাছি রাখা কৌটাগুলোতে তেলের বাষ্প ধুলার সঙ্গে মিশে একটি শক্ত আবরণ তৈরি করে। এই আবরণ এতটাই জেদি যে সাধারণ সাবান দিয়ে ধুলেও পুরোপুরি পরিষ্কার হয় না।
কৌটার আঠালোভাব দূর করার উপায়
গরম পানি ব্যবহার
এই সমস্যার সহজ সমাধান হতে পারে গরম পানি। কৌটা খালি করে ঈষদুষ্ণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে জমে থাকা তেল নরম হয়ে সহজে উঠে যায়। তবে কাঠের কৌটার ক্ষেত্রে এই পদ্ধতি এড়িয়ে চলাই ভালো, কারণ পানি কাঠ নষ্ট করতে পারে।
সাবান ও গরম পানির মিশ্রণ
গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে কৌটাগুলো প্রায় ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর নরম স্পঞ্জ দিয়ে হালকা ঘষলেই জেদি ময়লা উঠে যাবে। প্লাস্টিকের কৌটা পরিষ্কারের সময় খসখসে কিছু ব্যবহার না করাই ভালো, এতে দাগ পড়ে যেতে পারে।
ভিনেগারের ব্যবহার
ভিনেগার রান্নাঘরের আঠালো ও দুর্গন্ধ দূর করতে খুব কার্যকর। এক কাপ পানিতে ২–৩ চামচ ভিনেগার মিশিয়ে কৌটার গায়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই কৌটা ঝকঝকে হয়ে উঠবে।
পরিষ্কারের পর যত্ন
কৌটা ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নেওয়া খুব জরুরি। ভেতরে সামান্য পানি থাকলেও মসলা দলা পাকিয়ে নষ্ট হতে পারে। তাই শুকনো কাপড় দিয়ে মুছে কিছুক্ষণ রোদে রাখলে ভালো ফল পাওয়া যায় এবং জীবাণুও দূর হয়।
নিয়মিত পরিষ্কার রাখা
সপ্তাহে অন্তত একবার কৌটা পরিষ্কার করলে রান্নাঘর থাকবে পরিপাটি। নিয়মিত যত্ন নিলে কৌটাগুলো দীর্ঘদিন নতুনের মতো ঝকঝকে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


