মঙ্গলে অনুসন্ধান চালাতে গিয়ে বিরল এক সমস্যার মুখে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-এর কিউরিওসিটি রোভার। খনন কাজ চলাকালে একটি বড় পাথর যন্ত্রের সঙ্গে আটকে যায়। পরে কয়েকদিন ধরে নানা চেষ্টা ও কৌশল প্রয়োগ করে বিজ্ঞানীরা সেটি সরাতে সক্ষম হন।

গত ২৫ এপ্রিল মঙ্গলের একটি শিলা থেকে নমুনা সংগ্রহ করছিল কিউরিওসিটি রোভার। শিলাটির নাম দেওয়া হয়েছিল ‘আতাকামা’। এটি প্রায় দেড় ফুট চওড়া, ছয় ইঞ্চি পুরু এবং প্রায় ১৩ কিলোগ্রাম ওজনের ছিল। খনন শেষে যন্ত্রটি ওপরে তোলার সময় পুরো পাথরটি মাটি থেকে উঠে এসে ঘূর্ণায়মান খননযন্ত্রের আবরণে আটকে যায়।
নাসা জানিয়েছে, অতীতে খননের সময় পাথর ভেঙে যাওয়ার ঘটনা ঘটলেও পুরো পাথর যন্ত্রে আটকে যাওয়ার এমন ঘটনা আগে কখনও ঘটেনি। রোভারের সামনের ও মাথার দিকের ক্যামেরায় পুরো ঘটনাটি ধারণ করা হয়। সেখানে দেখা যায়, পাথর সরাতে রোভারটি কয়েকবার তার যান্ত্রিক বাহু নাড়ায় এবং খননযন্ত্র চালায়।
প্রথমে বিজ্ঞানীরা যন্ত্রে কম্পন সৃষ্টি করে পাথরটি আলাদা করার চেষ্টা করেন, কিন্তু তা সফল হয়নি। পরে ২৯ এপ্রিল যন্ত্রের অবস্থান পরিবর্তন করে আবারও কম্পন দেওয়া হয়। শেষ পর্যন্ত ১ মে যন্ত্রকে কিছুটা কাত করে ঘোরানো এবং শক্তিশালী কম্পন প্রয়োগের মাধ্যমে পাথরটি খুলে নিচে পড়ে ভেঙে যায়।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি পরিচালিত এই ঘটনাকে মঙ্গল অভিযানে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



