আন্তর্জাতিক একদল বিজ্ঞানী মঙ্গল গ্রহের একটি উল্কাপিণ্ড বিশ্লেষণ করে সম্পূর্ণ নতুন ধরনের একটি শিলার সন্ধান পেয়েছেন। একই সঙ্গে প্রথমবারের মতো মঙ্গলের নমুনায় ‘গারনেট’ নামের একটি খনিজ শনাক্ত করা হয়েছে। গবেষকদের মতে, এই আবিষ্কার মঙ্গলের অতীত ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।

গবেষণাটি করা হয়েছে NWA 8171 Martian meteorite নামে পরিচিত একটি মঙ্গলীয় উল্কাপিণ্ডের ক্ষুদ্র অংশ নিয়ে, যা বর্তমানে কানাডার রয়্যাল অন্টারিও মিউজিয়ামের সংগ্রহে সংরক্ষিত রয়েছে। নমুনাটির রাসায়নিক গঠন প্রথমে অস্বাভাবিক মনে হওয়ায় বিজ্ঞানীরা বিশেষ ধরনের আলোকরশ্মি বিশ্লেষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আরও বিস্তারিত পরীক্ষা চালান।
সেই পরীক্ষার মাধ্যমে গাঢ় লাল রঙের ‘গারনেট’ খনিজ শনাক্ত করা হয়, যা পৃথিবীর ভূতাত্ত্বিক গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খনিজ সাধারণত ভূত্বকের গভীরে উচ্চ তাপমাত্রা, প্রচণ্ড চাপ এবং শিলা ও তরলের পারস্পরিক পরিবর্তনের তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হয়।
গবেষকদের মতে, গারনেটযুক্ত এই নতুন শিলা সম্ভবত কয়েকশ কোটি বছর আগের মঙ্গলের ভূতাত্ত্বিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করছে। পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ডার্লিং বলেন, এই আবিষ্কার মঙ্গলের ভূতত্ত্ব সম্পর্কে বিদ্যমান ধারণায় নতুন মাত্রা যোগ করবে।
তবে বিজ্ঞানীরা এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না। গবেষণার প্রধান তানিয়া কিজোভস্কি জানান, গারনেট সাধারণত অত্যন্ত উচ্চ তাপ ও চাপে তৈরি হয়। এটি মঙ্গলে কোনো বড় উল্কাপিণ্ডের আঘাত বা ভূত্বকের গভীর থেকে গলিত শিলা উপরে উঠে আসার ফলে সৃষ্টি হয়ে থাকতে পারে। আবার সম্ভাবনা রয়েছে, কোনো মহাজাগতিক সংঘর্ষের মাধ্যমে এটি সেখানে পৌঁছেছে।
শিলাটির প্রকৃত উৎস নিশ্চিত করতে অক্সিজেনের সমস্থানিক বিশ্লেষণ করা হবে। গবেষণাটি সম্প্রতি একটি আন্তর্জাতিক ভূ-রসায়ন বিষয়ক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



