চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যকে সামনে রেখে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দেশটি এক বছরের দীর্ঘ মহাকাশ মিশন শুরু করতে যাচ্ছে, যা ভবিষ্যৎ চন্দ্র অভিযানের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার রাতে তিনজন নভোচারী নিয়ে শেনঝৌ-২৩ মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় রাত ১১টা ০৮ মিনিটে লং মার্চ-২এফ ওয়াই-২৩ রকেটের মাধ্যমে এ উৎক্ষেপণ সম্পন্ন হবে।
এই মিশনের অন্যতম বিশেষ দিক হলো, তিনজন নভোচারীর মধ্যে একজন টানা এক বছর তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। এটি চীনের ইতিহাসে দীর্ঘতম মহাকাশ মিশনগুলোর একটি হিসেবে নতুন রেকর্ড গড়বে।
দলের অন্যতম সদস্য লি জিয়াইং, যিনি হংকং পুলিশের সাবেক পরিদর্শক। তিনি প্রথম হংকং নাগরিক হিসেবে চীনের মহাকাশ মিশনে অংশ নিচ্ছেন। অন্য দুই সদস্য হলেন কমান্ডার ঝু ইয়াংঝু এবং পাইলট ঝাং ইউয়ানঝি, যারা চীনের পিপলস লিবারেশন আর্মির মহাকাশচারী দলের সদস্য।
চীনের মানববাহী মহাকাশ সংস্থা জানিয়েছে, মিশনের অগ্রগতির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে কে দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করবেন। দীর্ঘ সময় মহাশূন্যে থাকার ফলে মানবদেহ ও মানসিক স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ে, তা নিয়েই মূলত এই গবেষণা পরিচালিত হবে।
এই মিশন এমন এক সময়ে শুরু হচ্ছে, যখন মহাকাশে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে, অন্যদিকে চীন ২০৩০ সালের মধ্যে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করছে।
চীন ইতোমধ্যে চাঁদের দূরবর্তী অংশ থেকে নমুনা সংগ্রহ করে ইতিহাস সৃষ্টি করেছে। এবার তারা মানুষ পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে লং মার্চ-১০ রকেট, মেংঝৌ মহাকাশযান এবং লানইউ ল্যান্ডারের পরীক্ষা চালাচ্ছে।
এই মিশনে মহাকাশের বিকিরণ, হাড়ের ঘনত্ব হ্রাস এবং মানসিক চাপের প্রভাব নিয়ে গবেষণা করা হবে। পাশাপাশি তিয়ানগং স্টেশনে মানব স্টেম সেল ব্যবহার করে কৃত্রিম ভ্রূণ নিয়ে পরীক্ষাও চালানোর পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে মহাকাশে মানুষের টিকে থাকার সম্ভাবনা মূল্যায়নে সহায়ক হতে পারে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, এই মিশন চীনকে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যের আরও এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



