অনেকেরই অভিজ্ঞতা, মোবাইল ফোনে বা ফোনের কাছাকাছি কোনো বিষয় নিয়ে কথা বলার কিছুক্ষণের মধ্যেই সেই বিষয়সংক্রান্ত বিজ্ঞাপন চোখে পড়ে। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে—গুগল কি তাহলে আমাদের কথাবার্তা সব সময় শুনছে? এর উত্তর সরাসরি ‘হ্যাঁ’ কিংবা ‘না’—দুটোর কোনোটাই নয়। বাস্তবে এর পেছনে কাজ করে গুগলের একটি নির্দিষ্ট ব্যবস্থা, যার নাম ‘ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি’।

গুগলের ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি আসলে কী?
এই ফিচারটি মূলত গুগল অ্যাসিস্ট্যান্ট ও ভয়েস সার্চকে আরও নিখুঁত করার জন্য তৈরি করা হয়েছে। আপনি যখনই “ওকে গুগল” বা “হেই গুগল” বলেন, কিংবা ভয়েস দিয়ে কিছু সার্চ করেন, তখন সেই অডিও কমান্ড গুগল সংরক্ষণ করে। এতে গুগল আপনার কণ্ঠস্বর ও উচ্চারণ বুঝে ভবিষ্যতে আরও ভালোভাবে সেবা দিতে পারে।
গুগল সাধারণত তখনই অডিও রেকর্ড করে, যখন ব্যবহারকারী নিজে মাইক্রোফোন চালু করেন বা ভয়েস কমান্ড দেন। তবে কখনো কখনো ফোন ভুলভাবে সক্রিয় হয়ে গেলে আশপাশের কিছু কথা রেকর্ড হতে পারে। এ কারণেই অনেকের মনে হয়, গুগল সব সময় কথোপকথন নজরদারি করছে।
গুগল কী কী রেকর্ড করেছে, জানবেন যেভাবে
চাইলেই আপনি নিজেই দেখতে পারবেন গুগল আপনার কোন কোন ভয়েস ডাটা সংরক্ষণ করেছে। এজন্য—
-প্রথমে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন
-এরপর Data & Privacy সেকশনে গিয়ে My Activity অপশনে ঢুকুন
-সেখানে Voice & Audio Activity ফিল্টার নির্বাচন করলে তারিখ ও সময়সহ সব রেকর্ড দেখা যাবে
-চাইলে প্লে বাটনে ক্লিক করে সেই অডিও শোনাও সম্ভব
-ভয়েস রেকর্ড ডিলিট বা বন্ধ করবেন যেভাবে
আপনি চাইলে একটি একটি করে বা একসঙ্গে সব ভয়েস রেকর্ড মুছে ফেলতে পারবেন। এমনকি Auto-Delete অপশন চালু করে নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে ডাটা মুছে দেওয়ার ব্যবস্থাও আছে।
আর যদি একেবারেই ভয়েস সংরক্ষণ বন্ধ করতে চান, তাহলে Voice & Audio Activity অপশনটি আনচেক করে দিন—তাহলে গুগল আর আপনার কণ্ঠস্বর সেভ করবে না।
গোপনীয়তা সুরক্ষায় আরও যা করবেন
-অপ্রয়োজনীয় অ্যাপের মাইক্রোফোন পারমিশন বন্ধ রাখুন
-নিয়মিত ব্যবহার না করলে ‘হেই গুগল’ ফিচারটি ফোনের সেটিংস থেকে বন্ধ করুন
-সময় সময় গুগল অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি লগ পরীক্ষা করুন
এই সহজ অভ্যাসগুলো মেনে চললে আপনার ভয়েস ডাটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং ডিজিটাল গোপনীয়তাও তুলনামূলকভাবে সুরক্ষিত রাখা সম্ভব হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


