এই গরমে মানুষের পাশাপাশি শখের বাগানের গাছও ব্যাপক ঝুঁকির মধ্যে থাকে। অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছের পাতা শুকিয়ে যাওয়া, মাটির আর্দ্রতা দ্রুত কমে যাওয়া এবং ফুল না ফোটার মতো সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যথাযথ যত্ন না নিলে গরমে অনেক গাছ নষ্ট হয়ে যেতে পারে।

উদ্যান বিশেষজ্ঞরা বলছেন, গরম মৌসুমে সঠিক পরিচর্যা করলে বাগানকে সবুজ ও সতেজ রাখা সম্ভব।
গরম সহনশীল গাছ নির্বাচন জরুরি
গরমে এমন গাছ নির্বাচন করা উচিত যেগুলো উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। যেমন—জবা, বাগেনভিলিয়া, জুঁই, জিনিয়া, পোর্টুলাকা, নন্দিনী ও অপরাজিতার মতো ফুলের গাছ এই সময়ে ভালোভাবে বেড়ে ওঠে এবং দীর্ঘ সময় ফুল ধরে রাখে।
পানি দেওয়ার সঠিক সময়
গরমে দিনে দুইবার পানি দেওয়া প্রয়োজন হলেও সময়ের দিকে খেয়াল রাখা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, দুপুরের প্রচণ্ড রোদে পানি দেওয়া ঠিক নয়। ভোরবেলা ও বিকেলের শেষ দিকে পানি দিলে গাছ ভালো থাকে। গভীর রাতে পানি না দেওয়াই উত্তম।
মাটির অবস্থা যাচাই করা প্রয়োজন
গাছকে পানি দেওয়ার আগে মাটি ভেজা আছে কি না তা দেখে নেওয়া উচিত। ভেজা মাটিতে অতিরিক্ত পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে এবং ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে।
রোদ থেকে সুরক্ষা
প্রখর রোদে গাছকে সরাসরি আলো থেকে রক্ষা করতে ছায়াযুক্ত স্থানে রাখা উচিত। প্রয়োজনে খড়, জাল বা হালকা আচ্ছাদন ব্যবহার করে আংশিক ছায়া তৈরি করা যেতে পারে। এমন জায়গা বেছে নেওয়া ভালো যেখানে আলো ও বাতাস দুটোই আসে, কিন্তু সরাসরি রোদ পড়ে না।
জৈব সারের ব্যবহার
গরমকালে রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। চাল-ডাল ধোয়া পানি, সবজির খোসা বা ডিমের খোসার মতো জৈব উপাদান মাটিকে উর্বর করে এবং গাছের বৃদ্ধি ও ফুল ফোটার হার বাড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


