রমজান মাসে ইফতারের সময় নানা রকমের খাবারের ভেলা সাজানো হয়। সবাই চায় নিজের পছন্দের খাবার যেন থাকে। এই সময়ে ভাজা-ভুনা খাবারের প্রতি বিশেষ আকর্ষণ থাকে। কিন্তু যে খাবারই রাখুন না কেন, ইফতারে সবচেয়ে জনপ্রিয় ও প্রয়োজনীয় খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ছোলা।

রমজানে ছোলার প্রতি রোজাদারদের আলাদা আগ্রহ দেখা যায়। অনেকের কাছে এটি ইফতারের ‘অলিখিত রীতি’ হয়ে উঠেছে। তাই প্রতিদিন বাসায় ছোলা রান্না করা হয়। তবে, ছোলা প্রতিদিন খাওয়ার সময় সঠিকভাবে খেলে প্রোটিন ও পুষ্টি ভালোভাবে পাওয়া যায়। অনেকেই জানেন না, কিভাবে খেলে শরীরের জন্য সর্বোচ্চ উপকার পাওয়া যায়। চ্যানেল ২৪ অনলাইনের সঙ্গে কথা বলেছেন পুষ্টিবিদ ফৌজিয়া আহমেদ অনু, যিনি ছোলা খাওয়ার সঠিক নিয়ম ও পুষ্টি গ্রহণের বিষয়ে পরামর্শ দিয়েছেন।
ছোলা খাওয়ার সঠিক নিয়ম
১. আগে ভিজিয়ে রাখা:
অনেকে সরাসরি ছোলা সেদ্ধ করে খায়। তবে এটি শরীরকে ছোলার সব প্রোটিন ব্যবহার করতে দেয় না। তাই ছোলা রান্নার আগে ৮–১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। রান্নার আগে ভিজানো পানি ফেলে দিতে হবে। এভাবে ভিজিয়ে রাখলে হজম সহজ হয়, গ্যাস কমে এবং আয়রন ও প্রোটিন ভালোভাবে শোষিত হয়।
২. অঙ্কুরিত ছোলা:
সময় থাকলে ছোলা ভিজিয়ে রেখে অঙ্কুরিত করুন। অঙ্কুরিত ছোলায় প্রোটিনের মান বেড়ে যায়, আয়রন শোষণ বৃদ্ধি পায়, ভিটামিন সি তৈরি হয় এবং হজম সহজ হয়। এটি শরীরের জন্য আরও কার্যকর ও পুষ্টিকর হয়।
৩. ভাজা বা ভুনা ছোলা:
ভাজা ছোলা প্রোটিনের ঘন উৎস। এতে পানি কম থাকে, তাই প্রোটিনের ঘনত্ব বেশি থাকে। সহজে বহনযোগ্য, পেট ভরায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
৪. লেবু বা টমেটো দিয়ে খাওয়া:
ছোলায় থাকা আয়রন সহজে শোষিত হয় না। তাই খাওয়ার সময় লেবু, টমেটো বা কাঁচা মরিচ যোগ করলে আয়রনের শোষণ বৃদ্ধি পায়।
৫. ছোলা ও ভাত/রুটির সংমিশ্রণ:
শুধু ছোলা খেলে কিছু অ্যামিনো অ্যাসিড মিস হতে পারে। কিন্তু ভাত বা রুটির সঙ্গে মিলিয়ে খেলে পরিপূর্ণ প্রোটিন পাওয়া যায়।
সেরা উপায়
ফৌজিয়া আহমেদ অনু বলেন, সর্বোত্তম উপায় হলো ছোলা আগে ভিজিয়ে রাখা, সম্ভব হলে অঙ্কুরিত করা, রান্নার সময় লেবু যোগ করা এবং শস্যের সঙ্গে খাওয়া। সঠিক প্রক্রিয়ায় খেলে ছোলা শরীরের জন্য শক্তিশালী উদ্ভিজ্জ প্রোটিন ও আয়রনের উৎস হয়। তবে মনে রাখবেন, কোনো খাবারই অতিরিক্ত ভালো নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


