অযত্ন, ধুলাবালি, দূষণ, অতিরিক্ত রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার কিংবা পুষ্টির অভাবে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়তে পারে। অনেকেই এই সমস্যা দূর করতে বিভিন্ন কেমিক্যালসমৃদ্ধ পণ্য ব্যবহার করেন, যা অনেক সময় চুলের আরও ক্ষতি করে। তবে কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করলেই চুলের হারানো উজ্জ্বলতা ও কোমলতা ফিরিয়ে আনা সম্ভব।

নিয়মিত পরিষ্কার রাখুন চুল
চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখা সুস্থ চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শ্যাম্পু ব্যবহার না করলেও পানি দিয়ে চুল ধুয়ে ধুলাবালি, ঘাম ও ময়লা পরিষ্কার করা যেতে পারে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করলে চুল পরিষ্কার থাকবে, তবে অতিরিক্ত শুষ্ক হবে না।
ডিপ কন্ডিশনিং ও হেয়ার মাস্ক ব্যবহার করুন
শুষ্ক চুলে রুক্ষতার সমস্যা বেশি দেখা যায়। তাই নিয়মিত কন্ডিশনার ও হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং চুল নরম ও মসৃণ হয়।
অ্যালোভেরা, গ্রিন টি ও মেথির হেয়ার প্যাক
একটি অ্যালোভেরার জেল বের করে ভালোভাবে চটকে নিন। এর সঙ্গে এক টেবিল চামচ গ্রিন টি এবং এক টেবিল চামচ মেথি গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম ও অলিভ অয়েলের প্যাক
দুটি ডিমের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। আধাঘণ্টা পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের পুষ্টি জোগায় এবং চুলকে মসৃণ ও ঝলমলে করে।
নারিকেলের দুধ ও কারিপাতার মিশ্রণ
এক কাপ নারিকেলের দুধের সঙ্গে পরিমাণমতো কারিপাতা গুঁড়ো এবং দুই টেবিল চামচ কমলালেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। কারিপাতা চুল ঘন ও শক্তিশালী করতেও সাহায্য করে।
ক্যাস্টর অয়েল ও অ্যালোভেরা প্যাক
একটি ডিম, এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল, একটি পাতিলেবুর রস এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। পুরো চুল ও স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কলা, মধু ও দুধের হেয়ার মাস্ক
দুটি ডিমের সাদা অংশ, চার টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ মধু এবং একটি পাকা কলা একসঙ্গে মিশিয়ে ক্রিমের মতো পেস্ট তৈরি করুন। ব্রাশের সাহায্যে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক চুলকে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল করতে সাহায্য করে।
চুলের যত্নে কিছু বাড়তি পরামর্শ
* অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধোয়া এড়িয়ে চলুন।
* হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনার কম ব্যবহার করুন।
* পর্যাপ্ত পানি পান করুন।
* প্রোটিন, ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খাবার খান।
* নিয়মিত চুলে তেল ব্যবহার করুন।
সঠিক যত্ন ও প্রাকৃতিক উপাদানের ব্যবহার চুলের রুক্ষতা কমিয়ে চুলকে করে তুলতে পারে স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও প্রাণবন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



