নিয়মিত সঠিক যত্নের অভাবে অনেকের চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে অনেকেই বাজারের বিভিন্ন কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করেন, যা অনেক সময় উল্টো চুলের ক্ষতি বাড়িয়ে দিতে পারে। তাই ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিচে কিছু সহজ ঘরোয়া টিপস তুলে ধরা হলো।

চুল নিয়মিত পরিষ্কার রাখা খুবই জরুরি। প্রতিদিন চুল ভিজিয়ে না ধুয়ে সপ্তাহে ৩ থেকে ৪ দিন শ্যাম্পু করাই ভালো। বাইরের ধুলো, দূষণ ও ঘামের কারণে স্ক্যাল্পে ময়লা জমে যেতে পারে, যা চুলের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। নিয়মিত পরিষ্কার রাখলে চুল থাকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল।
রুক্ষ চুলের জন্য মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত। এটি চুলের অতিরিক্ত তেল দূর করলেও চুলকে অতিরিক্ত শুষ্ক করে না। পাশাপাশি নিয়মিত ডিপ কন্ডিশনিং ও হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং রুক্ষতা কমে আসে।
প্রাকৃতিক হেয়ার প্যাকের মধ্যে অ্যালোভেরা জেল, গ্রিন টি এবং মেথিগুঁড়ো মিশ্রণ খুবই কার্যকর। অ্যালোভেরা জেলে এক টেবিল চামচ গ্রিন টি ও এক টেবিল চামচ মেথিগুঁড়ো মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে আধাঘণ্টা রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে চুল নরম ও উজ্জ্বল হয়।
আরেকটি জনপ্রিয় হেয়ার প্যাক হলো ডিম ও অলিভ অয়েলের মিশ্রণ। দুইটি ডিমের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে ধুয়ে ফেললে চুল আরও মসৃণ ও স্বাস্থ্যকর হয়ে ওঠে।
নারিকেলের দুধও চুলের জন্য খুব উপকারী। এক কাপ নারিকেলের দুধে পরিমাণমতো কারিপাতা গুঁড়ো এবং দুই টেবিল চামচ কমলার রস মিশিয়ে প্যাক তৈরি করে আধাঘণ্টা রেখে ধুয়ে ফেললে চুল নরম ও ঘন হয়। কারিপাতা চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
এছাড়া একটি ডিম, এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল, একটি লেবুর রস এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি মিশ্রণ চুল ও স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ রেখে পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়া যায়।
আরও একটি উপকারী প্যাক হলো দুইটি ডিমের সাদা অংশ, চার টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ মধু এবং একটি কলা একসঙ্গে মিশিয়ে তৈরি করা মিশ্রণ। এটি আধাঘণ্টা চুলে রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেললে চুল নরম, মসৃণ ও প্রাণবন্ত হয়ে ওঠে।
নিয়মিত এসব ঘরোয়া যত্ন অনুসরণ করলে রুক্ষ চুল ধীরে ধীরে কোমল, উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



