সিরাজগঞ্জ জেলার কাজীপুরে শনিবার ভোরে অভিযান চালিয়ে অবৈধভাবে জবাই করা আটটি ঘোড়ার প্রায় ৪০০ কেজি মাংস জব্দ করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট দুজনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করেছে।

উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে অভিযান পরিচালনা করে মাংস জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙাপাড়া গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে কাওছার আলী পলাশ (৩৫) এবং একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রতি শুক্রবার ভোরে যমুনা নদীর চরাঞ্চলে ঘোড়া জবাই করে ঢাকার গাজীপুর ও রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করছিল। গোপন সংবাদ পেয়ে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করা হয়।
পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জব্দকৃত ৪০০ কেজি ঘোড়ার মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
এ সময় কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


