সারাদেশে চলছে নির্বাচনি প্রচারণা, বাড়ছে ভোটের উত্তেজনা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অলিগলিতে চোখে পড়ছে প্রার্থীদের পোস্টার-ব্যানার, ডিজিটাল প্রচার, লিফলেট আর নানা প্রতিশ্রুতির ঝড়—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ।

এখন আর নিজের এলাকার প্রার্থী সম্পর্কে জানতে কাউকে জিজ্ঞেস করতে হবে না। হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠছে তথ্যের ভরসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সুবিধার কথা বিবেচনায় ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি আধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রসহ নির্বাচনসংক্রান্ত প্রায় সব গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন ভোটাররা।
অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এটি বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় ব্যবহারযোগ্য এবং সহজ ইউজার ইন্টারফেসে তৈরি হওয়ায় সাধারণ নাগরিকদের জন্য ব্যবহার করা বেশ সহজ।
এই অ্যাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা, প্রার্থীদের নাম, ছবি, প্রতীক, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য, হলফনামা, আর্থিক বিবরণ ও সম্পদসংক্রান্ত তথ্য দেখা যাবে। পাশাপাশি নির্বাচনের ফলাফলসহ নির্বাচন-সম্পর্কিত বিভিন্ন হালনাগাদ তথ্যও পাওয়া যাবে।
ভোটাররা ঘরে বসেই জানতে পারবেন মোট ভোটার সংখ্যা, ভোটগ্রহণের সময়সূচি, নিজ নিজ ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ভোটকেন্দ্রের মানচিত্র, ছবি এবং বাসা থেকে ভোটকেন্দ্র পর্যন্ত দূরত্ব—সবকিছুই এক অ্যাপেই।
এছাড়া ভোটগ্রহণের দিন নির্বাচনী পরিস্থিতিও জানা যাবে সহজেই। কেন্দ্রভিত্তিক ভোটার উপস্থিতি, ভোটের হার এবং ফলাফল প্রতি দুই ঘণ্টা পরপর অ্যাপে আপডেট হবে। এর ফলে ভোটাররা মুহূর্তেই ভোটের অগ্রগতি সম্পর্কে ধারণা নিতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


