বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, নতুন সরকার মাত্র কাজ শুরু করেছে, কিন্তু একটি শ্রেণির রাজনৈতিক দল শুরু থেকেই সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। দেশের উন্নয়নের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শায়লা হাফিজ মিলনায়তনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিট বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, নতুন সরকার দেশের মানুষের আন্দোলনের দাবির একটি অংশ হিসেবে মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় ৩৬ হাজার সুবিধা চালু করেছে। পাশাপাশি, পর্যায়ক্রমে আরও অনেক সুবিধা চালু করা হবে।
তিনি বলেন, সরকার একেবারেই নতুন। কিন্তু কিছু মানুষ ও রাজনৈতিক দল এমনভাবে কথা বলছে যেন এটি ১৭ বছরের পুরোনো সরকার, অথচ কিছুই করছে না। নির্বাচনের পরপরই সরকার কার্যক্রম শুরু করেছে।
মির্জা আব্বাস আরও বলেন, বর্তমানে বৈশ্বিক একটি দুরবস্থা চলছে। এর কারণে কিছু সমস্যার সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে কিছু রাজনৈতিক দল এসব পরিস্থিতিকে ব্যবহার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।
তিনি সতর্ক করে বলেন, “কোনো সরকারকে বিব্রত করে যদি কেউ ক্ষমতায় আসে, তাহলে তাকেও একদিন বিব্রত করা হবে। এতে দেশের উন্নয়ন সম্ভব হবে না।”
উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট বা সেতু নির্মাণ বোঝায় না, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করাও এর অংশ। চিকিৎসা খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে মির্জা আব্বাস বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


