বিশ্বজগত কীভাবে পরিচালিত হচ্ছে—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা নতুন এক ধারণা সামনে এনেছেন। তাঁদের মতে, পরিচিত চারটি মৌলিক বলের বাইরে আরও একটি অজানা ও রহস্যময় ‘পঞ্চম বল’ থাকতে পারে, যার প্রমাণ পাওয়া যেতে পারে আমাদের নিজস্ব সৌরজগতেই।

এ পর্যন্ত বিজ্ঞানীরা চারটি মৌলিক বল চিহ্নিত করেছেন—মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, শক্তিশালী পারমাণবিক বল এবং দুর্বল পারমাণবিক বল। মহাবিশ্বের প্রায় সব ঘটনাই এই চারটি বলের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তবে গবেষকদের মতে, এই ব্যাখ্যা এখনো সম্পূর্ণ নয়।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী স্লাভা জি. তুরিশেভ একটি গবেষণায় বলেন, সৌরজগতের ভেতরে অত্যন্ত সূক্ষ্ম পরীক্ষা চালালে এই নতুন বলের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যেতে পারে। তাঁর মতে, এই সম্ভাব্য বল ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির সঙ্গে সম্পর্কিত হতে পারে, যা মহাবিশ্বের প্রসারণ ও গ্যালাক্সির গঠনের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে ২০১৫ সালে হাঙ্গেরির একটি পরীক্ষায় অস্বাভাবিক কণার উপস্থিতি ধরা পড়ে, যাকে ‘প্রোটোফোবিক এক্স বোসন’ নামে চিহ্নিত করা হয়। এটি এমন একটি কণা, যা নির্দিষ্ট কণার সঙ্গে খুব দুর্বলভাবে প্রতিক্রিয়া করে। এই আবিষ্কারও পঞ্চম বলের সম্ভাবনাকে আরও জোরদার করে।
সাম্প্রতিক গবেষণায় মিউন কণার আচরণেও কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। বিজ্ঞানীদের মতে, শুধু দূরবর্তী গ্যালাক্সি নয়, এখন আমাদের সৌরজগতের মধ্যেই আরও গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তবেই এই রহস্যের সমাধান পাওয়া যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


