কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ আরও বাড়াচ্ছে গুগল। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি মহাকাশ প্রযুক্তি সংস্থা স্পেসএক্সের সঙ্গে একটি বড় অঙ্কের চুক্তি করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রতি মাসে স্পেসএক্সকে ৯২ কোটি মার্কিন ডলার পরিশোধ করবে গুগল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ হাজার কোটি টাকারও বেশি।
এই চুক্তির মাধ্যমে গুগল প্রায় ১ লাখ ১০ হাজার এনভিডিয়া জিপিইউ, পাশাপাশি সিপিইউ, মেমোরি এবং অন্যান্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবে।
স্পেসএক্স জানিয়েছে, এআই সেবার চাহিদা দ্রুত বাড়তে থাকায় তাদের অতিরিক্ত কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন দেখা দিয়েছে। সেই চাহিদা পূরণের লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।
অন্যদিকে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নতুন এআই পণ্য ও সেবার ব্যবহার প্রত্যাশার তুলনায় দ্রুত বাড়ছে। বিশেষ করে জেমিনি এন্টারপ্রাইজ এবং এআই এজেন্ট প্ল্যাটফর্মে গ্রাহকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত মে মাসে স্পেসএক্স একই ধরনের একটি বড় চুক্তি করে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে। সেই চুক্তিতে প্রতি মাসে ১২৫ কোটি ডলার পরিশোধের কথা রয়েছে।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট চলতি বছরেই ১৮০ বিলিয়ন ডলারের বেশি মূলধনি ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি এআই অবকাঠামো সম্প্রসারণের জন্য ৮০ বিলিয়ন ডলারের নতুন শেয়ার বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে।
চুক্তিতে উভয় পক্ষের জন্য বাতিলের সুযোগ রাখা হয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের পর যে কোনো পক্ষ ৯০ দিনের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে।
এদিকে স্পেসএক্স আগামী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। কোম্পানিটি প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে এবং পরিকল্পনা অনুযায়ী এর বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি।
বিশ্লেষকদের মতে, এআই খাতে তীব্র প্রতিযোগিতার কারণে বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি নিশ্চিত করতে বিশাল অঙ্কের বিনিয়োগ করছে। গুগল ও স্পেসএক্সের এই চুক্তি সেই প্রবণতারই একটি বড় উদাহরণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



