উবার শুধু গাড়ি ডাকার অ্যাপ হিসেবে নিজেদের সীমাবদ্ধ রাখতে চাইছে না। বরং বিভিন্ন ডিজিটাল সেবা এক জায়গায় যুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম বা ‘সুপার অ্যাপ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে হোটেল বুকিং, রেস্তোরাঁ রিজার্ভেশন এবং অনলাইন শপিংয়ের মতো সেবাও যুক্ত করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে রোবোট্যাক্সি ও স্বচালিত গাড়ি সেবার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে উবারের এই সুপার অ্যাপ পরিকল্পনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বহু বছর ধরেই প্রতিষ্ঠানটি এ ধরনের একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে।
সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে উবার নতুন কয়েকটি সেবার ঘোষণা দেয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো অ্যাপের মধ্যেই হোটেল বুকিং সুবিধা যুক্ত করা।
এই সেবার জন্য উবার অংশীদারত্ব করেছে ভ্রমণ প্রতিষ্ঠান এক্সপিডিয়া গ্রুপের সঙ্গে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বের সাত লাখেরও বেশি হোটেল ও আবাসন বুক করতে পারবেন। পাশাপাশি রেস্তোরাঁ বুকিংয়ের জন্য যুক্ত করা হচ্ছে ওপেনটেবিল। এছাড়া ‘শপ ফর মি’ নামে একটি নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা উবার অ্যাপে না থাকা দোকান থেকেও পণ্য অর্ডার করতে পারবেন।
উবারের প্রযুক্তি প্রধান প্রভীন নেপ্পালি নাগা জানান, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সুপার অ্যাপ ধারণা আগেই জনপ্রিয় হলেও যুক্তরাষ্ট্রে এটি সফল করা কঠিন হয়েছে। কারণ ব্যবহারকারীদের এক অ্যাপে দীর্ঘ সময় ধরে রাখার মতো পর্যাপ্ত সেবা আগে ছিল না।
উবারের এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের সাবস্ক্রিপশন সেবা ‘উবার ওয়ান’। মাসে নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই সদস্যপদ গ্রহণ করা যায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে এই সদস্যরা কিছু হোটেলে ছাড় এবং ক্রেডিট সুবিধাও পাচ্ছেন।
প্রতিষ্ঠানটির মতে, একজন ব্যবহারকারী উবার ব্যবহার করে বিমানবন্দরে যাতায়াতের পাশাপাশি একই অ্যাপে হোটেল বুকিং, রেস্তোরাঁ নির্বাচন এবং অন্যান্য সেবা নিতে পারবেন—এভাবেই পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে এক জায়গায় আনার লক্ষ্য রয়েছে।
ভবিষ্যতে ফ্লাইট বুকিং বা আর্থিক সেবাও যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এই উদ্যোগের ফলে বাজারে প্রতিযোগিতাও বেড়েছে। অন্যদিকে আবাসন সেবা প্রতিষ্ঠান এয়ারবিএনবি বিমানবন্দর পরিবহন সেবা যুক্ত করার পরিকল্পনা করছে। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মকেও ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে ডিজিটাল পেমেন্ট সেবাও যুক্ত হতে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে একাধিক সুপার অ্যাপ টিকে থাকা কঠিন হতে পারে, কারণ সেখানে আলাদা আলাদা সেবার জন্য ইতিমধ্যেই শক্তিশালী অ্যাপ ব্যবহৃত হচ্ছে।
তবে উবারের বড় শক্তি হলো তাদের বিশাল ব্যবহারকারীভিত্তি। কোম্পানির তথ্য অনুযায়ী, তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ১৯ কোটি ৯০ লাখ এবং এর মধ্যে প্রায় ৫ কোটি ব্যবহারকারী উবার ওয়ান সদস্যপদ ব্যবহার করেন।
সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, উবারের খাদ্য ও ডেলিভারি সেবা বিভাগ দ্রুততম বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ডেলিভারি খাত থেকে আয় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


