স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পরিচিত অ্যাপ ট্রুকলারের অন্যতম সুবিধা হলো অপরিচিত নম্বর থেকে কল এলে কলারের নাম শনাক্ত করা। তবে অনেক ব্যবহারকারীর জন্য এটি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

ট্রুকলার মূলত ক্রাউডসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর কন্টাক্ট লিস্ট থেকে তথ্য সংগ্রহ করে একটি বিশাল ডাটাবেস তৈরি করে। এর ফলে অনেক সময় ব্যবহারকারীর অনুমতি ছাড়া তার নাম ও নম্বর অন্যের ফোনে প্রদর্শিত হয়। এতে বিভ্রান্তি, ভুল পরিচয় বা বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে আপনার নম্বর প্ল্যাটফর্ম থেকে সরানো সম্ভব।
১. অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করা
প্রথম ধাপ হলো অ্যাপের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা। স্মার্টফোনে ট্রুকলার খুলে সেটিংস-এ প্রবেশ করুন। এরপর প্রাইভেসি সেন্টার অপশন থেকে নিচে স্ক্রল করে ডি-অ্যাক্টিভেট বাটনে ক্লিক করুন এবং প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন। এতে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হবে।
তবে শুধুমাত্র অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করলেই আপনার নম্বর গ্লোবাল ডাটাবেস থেকে সরবে না।
২. ডাটাবেস থেকে নম্বর আনলিস্ট করা
অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পর নম্বর সার্চ ফলাফল থেকে আনলিস্ট করতে হবে। এজন্য ওয়েব ব্রাউজারে ট্রুকলারের আনলিস্ট পেজে যান। বাংলাদেশে হলে আন্তর্জাতিক কোডসহ (+880) নিজের নম্বর লিখুন।
এরপর নিরাপত্তা যাচাইয়ের জন্য ক্যাপচা পূরণ করে আনলিস্ট করার কারণ নির্বাচন করুন। সবশেষে আনলিস্ট বাটনে ক্লিক করলে আবেদন জমা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডাটাবেস থেকে তথ্য অপসারণের কাজ শুরু করবে।
৩. তথ্য মুছে যেতে সময়
সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে সার্চ ডাটাবেস থেকে নম্বর মুছে ফেলা হয়। তবে অন্য কারও ফোনে আপনার নম্বর পূর্বে সংরক্ষিত থাকলে ক্যাশ মেমোরির কারণে কিছুদিন পুরনো নাম দেখা যেতে পারে। কয়েক দিনের মধ্যে এটি স্বাভাবিক হয়।
৪. নাম সংশোধন করা
যারা পুরোপুরি নম্বর মুছতে চান না, তবে ভুল নাম ঠিক করতে চান, তারা অ্যাপের এডিট অপশন ব্যবহার করে সঠিক নাম প্রস্তাব করতে পারেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশেষ করে সাংবাদিক, পাবলিক ফিগার ও গুরুত্বপূর্ণ পেশার মানুষদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


