ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই জ্বালানি তেল আজই দেশে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যেই সরকার জরুরিভিত্তিতে এই ব্যবস্থা নিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন খরচ ও সময় দুটোই কমবে এবং সরবরাহ ব্যবস্থাও আরও স্থিতিশীল হবে।
এর আগে, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান চালানের পাশাপাশি শিগগিরই ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসবে। সরকার বলেছে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


