গরু কিংবা খাসির ভুঁড়ি দিয়ে তৈরি নানা খাবার অনেকেরই পছন্দের তালিকায় থাকে। তবে রান্নার আগে এটি পরিষ্কার করার ঝামেলা ও দুর্গন্ধের কারণে অনেকেই ভুঁড়ি রান্না এড়িয়ে চলেন। বিশেষ করে কালচে আস্তরণ ও গন্ধ দূর করাটাই সবচেয়ে কঠিন মনে হয়। তবে কিছু সহজ ঘরোয়া কৌশল জানা থাকলে চুন ব্যবহার ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে ভুঁড়ি পরিষ্কার করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি কার্যকর পদ্ধতি-

লেবুর রসে দুর্গন্ধ দূর
ভুঁড়ি পরিষ্কারে লেবুর রস বেশ কার্যকর। প্রথমে দুইটি লেবুর রস বের করে গরম পানির সঙ্গে মিশিয়ে নিন। এরপর বড় টুকরো করা ভুঁড়ি সেই পানিতে ১ থেকে ২ মিনিট ভিজিয়ে রাখুন। এতে দুর্গন্ধ অনেকটাই কমে যাবে এবং জমে থাকা ময়লা নরম হবে। পরে স্টিলের চামচ বা ছুরি দিয়ে হালকা ঘষলেই কালো স্তর সহজে উঠে আসবে।
লবণ পানিতে ফুটিয়ে পরিষ্কার
আরেকটি সহজ উপায় হলো লবণ মেশানো পানিতে ভুঁড়ি ফুটিয়ে নেওয়া। ভুঁড়ি ধুয়ে পর্যাপ্ত লবণসহ পানিতে ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নিন। এতে শক্ত ময়লা ও দুর্গন্ধ অনেকটাই দূর হয়। পরে নামিয়ে ছুরি বা হাতের সাহায্যে আস্তে আস্তে কালো অংশ তুলে ফেলুন।
গরম পানিতে অল্প সময় ডুবিয়ে
এই পদ্ধতিতে প্রথমে ভুঁড়ি সাধারণ পানিতে ধুয়ে নিতে হবে। এরপর পানি ফুটিয়ে একটি পাত্রে ঢেলে ভুঁড়ি মাত্র ১০ থেকে ১৩ সেকেন্ড সেখানে ডুবিয়ে রাখুন। বেশি সময় রাখলে ভুঁড়ি অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। এরপর দ্রুত তুলে চামচ বা ছুরি দিয়ে ঘষলেই উপরের ময়লা সহজে সরে যাবে।
ভিনেগার ও লবণের মিশ্রণ
ভিনেগার ও লবণের মিশ্রণও ভুঁড়ি পরিষ্কারে বেশ কার্যকর। একটি পাত্রে পানি নিয়ে তাতে ভিনেগার ও লবণ মিশিয়ে কিছুক্ষণ ভুঁড়ি ভিজিয়ে রাখুন। এতে দুর্গন্ধ কমে এবং ময়লা আলগা হয়ে আসে। পরে ভালোভাবে ধুয়ে ভুঁড়ির ভেতর ও বাইরের কালচে স্তর হাত বা ছুরির সাহায্যে তুলে ফেলুন। শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই ভুঁড়ি রান্নার জন্য প্রস্তত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



