
জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাওনা টাকার জন্য মো. রতন মিয়া (৪৯) নামে এক যুবকে বাড়িতে ধরে নিয়ে শিকলে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক করা হয় এ ঘটনায় জড়িত সেলিম মিয়াকে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার রতন মিয়া উপজেলার লক্ষীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৭ সালে রতন মিয়া বিদেশ পাঠানোর কথা বলে জাফরাবাদ গ্রামের নূরুল ইসলামের ছেলে সেলিম মিয়ার কাছ থেকে আড়াই লাখ টাকা নেন। কিন্তু তিনি সেলিমকে বিদেশ পাঠাতে পারেননি। এ নিয়ে রতনের সঙ্গে সম্পর্কের অবনতি হয় সেলিমের।
শনিবার সকালে পাওনা টাকা আদায়ের জন্য রতন মিয়াকে রাস্তা থেকে ধরে আনা হয় সেলিম মিয়ার বাড়িতে। তার পায়ে শিকল বেঁধে ঘরের একটি খুঁটির সাথে তালা দিয়ে চেয়ারে বসিয়ে রাখা হয়। খবর পেয়ে বিকেলে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। আটক করা হয় সেলিমকে।
কুালয়ারচর থানার ওসি এ কে এম সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেলিম ও রতন দু’জনকেই আটক করা হয়েছে। শিকলে বেঁধে রাখার অভিযোগে সেলিম মিয়া এবং প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগে রতন মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


