
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিপিসি সূত্র জানায়, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এ উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পাইপলাইনের মাধ্যমে তেল আমদানির ফলে পরিবহন ব্যয় ও সময়—দুটিই কমবে।
এর আগে গত রবিবার জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। সরকারের এ উচ্চপর্যায়ের তৎপরতার অংশ হিসেবেই ৫ হাজার টনের প্রথম চালানটি দেশে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


