কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে সঙ্গে এর অপব্যবহারও বাড়ছে। বিশেষ করে ভুয়া ছবি বা ‘ডিপফেক’ তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর ঘটনা এখন বেশি দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে ভুয়া ছবি শনাক্ত করতে নতুন একটি প্রযুক্তি চালু করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

নতুন এই টুল কৃত্রিমভাবে তৈরি ছবির ভেতরে থাকা অদৃশ্য চিহ্ন শনাক্ত করতে পারবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কোনো ছবি ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে কি না।
ওপেনএআই জানিয়েছে, এখন থেকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য দিয়ে তৈরি সব ছবিতে গুগলের ‘সিন্থআইডি’ প্রযুক্তির অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করা হবে। পাশাপাশি চালু করা হয়েছে একটি যাচাই টুল, যা ছবির ভেতরে থাকা বিশেষ সংকেত বিশ্লেষণ করে উৎস সম্পর্কে তথ্য দেবে।
নতুন টুলটি মূলত দুটি প্রযুক্তির সমন্বয়ে কাজ করবে। একটি হলো গুগলের ‘সিন্থআইডি’ এবং অন্যটি ‘সি-টু-পি-এ’ নামের উন্মুক্ত মানদণ্ড। এই প্রযুক্তি ছবির মেটাডেটায় বিশেষ তথ্য সংযুক্ত করে, যার মাধ্যমে ছবির উৎস শনাক্ত করা সম্ভব হয়। তবে আপাতত এই টুলটি শুধু চ্যাটজিপিটি, ওপেনএআই এপিআই এবং কোডেক্স ব্যবহার করে তৈরি ছবি শনাক্ত করতে পারবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাস্তব ও কৃত্রিমভাবে তৈরি ছবির পার্থক্য দিন দিন কমে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ছড়িয়ে পড়ার প্রবণতাও বাড়ছে। এ অবস্থায় ওপেনএআইয়ের এই উদ্যোগ কিছুটা সহায়ক হতে পারে। তবে কম পরিচিত বা নিয়ন্ত্রণহীন প্রযুক্তি দিয়ে তৈরি ভুয়া ছবি শনাক্ত করা এখনো বড় চ্যালেঞ্জ।
ওপেনএআই আরও জানিয়েছে, স্ক্রিনশট নেওয়া বা ছবির আকার পরিবর্তনের পরও ওয়াটারমার্ক অনেক ক্ষেত্রে কার্যকর থাকতে পারে। পাশাপাশি মেটাডেটাভিত্তিক সংকেত ছবির উৎস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবে।
নতুন টুল ব্যবহার করতে ব্যবহারকারীদের ছবি আপলোড করতে হবে। এটি বর্তমানে পিএনজি, জেপিজি ও ওয়েবপি ফরম্যাটের ছবি বিশ্লেষণ করতে পারে। বিশ্লেষণের পর টুলটি জানাবে ছবিতে কোনো বিশেষ ওয়াটারমার্ক বা শনাক্তযোগ্য সংকেত আছে কি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



