ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন। রবিবার (২৬ এপ্রিল) নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিদেশি আলোকচিত্রীদের মধ্যে তিনি ছিলেন প্রথম সারির একজন। ১৯৬৫ সালে ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় যোগ দিয়ে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের বিভিন্ন আশ্রয়শিবিরে গিয়ে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগের ছবি ধারণ করেন।
ঝুঁকি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযুদ্ধের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত—যুদ্ধের দৃশ্য, বিজয়ের পর মুক্তিযোদ্ধাদের ফিরে আসা এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য—তার ক্যামেরায় ধারণ করেছিলেন তিনি। এসব ছবি এখনো ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।
মুক্তিযুদ্ধ ছাড়াও ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার ছবি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। তার ক্যামেরায় ধরা পড়েছেন ইন্দিরা গান্ধী, দালাই লামা ও মাদার তেরেসাসহ অনেক বিশ্বনেতা ও ব্যক্তিত্ব।
আরও পড়ুনঃ
১৯৭২ সালে মুক্তিযুদ্ধের ছবি ধারণের জন্য ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


