
জুমবাংলা ডেস্ক : রাজধানীর মগবাজারে নিজ বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. মো. জিহানুল আলিমকে (৫৫) মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। আজ সোমবার দুপুরে ঘটনাটি ঘটে।
মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মো. জিহানুল আলিম মারা গেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী। তবে পুলিশ বলছে, নিহতের গলায় গলায় ফাঁস লাগানোর মতো কালো দাগ রয়েছে।
জানা গেছে, জিহানুল গত ১০ মাস ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন। তার বাসা মগবাজার পেয়ারাবাগ রেলগেট এলাকার ৫৮১ বাসার চতুর্থ তলায়। ঘটনার পর স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক আজ বিকেল পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত জিহানুলের পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা কোনো মন্তব্য করেনি। জিহানুলের গ্রামের বাড়ি পিরোজপুরে। তার স্ত্রী ফারহানাকে মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে বলেন, তার স্বামী ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। এ ছাড়া তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা জিহানুলকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় কালো দাগ রয়েছে। তাই আমরা ময়নাতদন্তের কথা বলেছি। মরদেহ হাসপাতালে রাখা আছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল খান বলেন, ‘জিহানুলের গলায় ফাঁস লাগানোর মতো অর্ধচন্দ্র কালো দাগ রয়েছে। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ছিলেন। তার স্ত্রী ডিজি হেলথে কর্মরত। মৃত্যুর ঘটনাটি হাতিরঝিল থানায় অবহিত করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


