জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি মৃত নীলগাই উদ্ধার করা হয়েছে। নীলগাইটি দাঁড়খোর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।
বুধবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকা থেকে মৃত নীলগাইটি উদ্ধার করে পুলিশ। বিকেলে নীলগাইটি জেলা প্রাণিসম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ময়নাতদন্তের পর নীলগাইটি স্থানীয় বন কর্মকর্তার অধীনে টাঙ্গাঈলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মিউজিয়ামে সংরক্ষণ করা হবে।
সূত্র জানায়, বুধবার দুপুরে আটোয়ারীর তোড়িয়া ইউনিয়নের ভারতীয় দাঁড়খোর সীমান্ত এলাকা দিয়ে নীলগাইটি বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয়রা নীলগাইটিকে দেখে ধাওয়া করে। পরে ওই এলাকা থেকে পালিয়ে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ দৌড়ে মর্জাপুর ইউনিয়নের খোঁচপাড়া এলাকায় আশ্রয় নেয় নীলগাইটি। স্থানীয়রা নীলগাইটিকে আহত অবস্থায় দেখে আটোয়ারী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মারা যায় নীলগাইটি।
ধূসর বর্ণের পুরুষ প্রজাতির নীলগাইটির ওজন হতে পারে ১০০ থেকে ১২০ কেজি। উচ্চতা প্রায় ৮ ফুট এবং ৪ ফুট চওড়া।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, নীলগাই পাওয়ার খবরে পুলিশ সদস্যরা সেখানে যায়। তারা গিয়ে দেখেন নীলগাইটি শ্বাসকষ্টে হাঁপাচ্ছে। প্রাণিসম্পদ কর্মকর্তারা চিকিৎসা দেয়। চিকিৎসাধীন অবস্থায় প্রাণীটি মারা যায়। পরে আমরা সেটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করি।
এদিকে আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নীলগাইটি সম্ভবত ভারত থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় আহত হতে পারে। এছাড়া দীর্ঘপথ পাড়ি দেয়ার কারণে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। আমরা নীলগাইটির প্রাথমিক সুরতহাল করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


