নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।

রবিবার (১২ এপ্রিল) তারাব পৌর মিলনায়তনে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষাখাতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি এবং এ সময় সুস্পষ্ট কোনো ভিশনের অভাব ছিল।
তিনি উল্লেখ করেন, বর্তমানে এইচএসসি পাস করার পরও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, যা শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতাকে তুলে ধরে।
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু ভবন নির্মাণ নয়, ভেতরে কী শিক্ষা দেওয়া হচ্ছে সেটাও দেখতে হবে। এ জন্য কারিকুলাম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং শিক্ষাদানের দক্ষতার সমন্বয়ের ওপর জোর দেন তিনি।
শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যোগ্য শিক্ষক যেন শ্রেণিকক্ষে থাকেন তা নিশ্চিত করতে হবে এবং প্রধান শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কেবল ওপর থেকে সিদ্ধান্ত দিয়ে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়; শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
তিনি শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, সুযোগ-সুবিধা নিশ্চিত করা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি, ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুনঃ
তারাব পৌরসভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
সূত্র: দেশ টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


