জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দেশের বিচারব্যবস্থা সুনিশ্চিত করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে জেলা এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ফেনীতে আমাদের ১১ জন সহকর্মী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ কথা বলার সুযোগ পাচ্ছি। তাদের ত্যাগের কারণে এনসিপি থেকে বর্তমানে ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।”
তিনি আরও জানান, “ফেনীতে আমরা জুলাই পদযাত্রায় অংশ নিতে পারিনি। ইনশাআল্লাহ, ঈদের পর সাংগঠনিক সফরে ফেনী সফর করবো।”
এ সময় নেতাকর্মীদের সংগঠন শক্তিশালী রাখার জন্য নির্দেশনা দেন নাহিদ ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন, “সাংবিধানিক শূন্যতার আড়ালে যে রাষ্ট্রপতির হাতে সবাইকে শপথ নিতে বাধ্য করা হয়েছিল, এখন দেখা যাচ্ছে তিনি কতটা বিতর্কিত। দুর্নীতির অভিযোগে নেত্রী বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করার সময় তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন। আমরা মনে করি, ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিতে জড়িত এই রাষ্ট্রপতিকে অপসারণ ও অভিশংসনের মাধ্যমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে নিতে হবে।”
ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


