Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে নভেল করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত আরও দুই বাংলাদেশি নাগরিককে সনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে সিঙ্গাপুরে মোট চার বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দি স্ট্রেইটস টাইমস পত্রিকা এ তথ্য জানায়।

সংবাদে তাদের কোনো পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ৩০ ও ৩৭ বছর বয়সী এ দুই বাংলাদেশি সিঙ্গাপুরের এয়ারক্রাফট মেইনটেনেন্স কোম্পানি বোম্বারডিয়ার অ্যারোস্পেস সার্ভিসে কর্মরত ছিলেন।

তাদের কেউই সাম্প্রতিক কালে চীনে সফর করেননি। সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকসাস ডিজিজে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৫৮ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশে এখনও করোনাভাইরাস সংক্রমিত হয়নি। সিঙ্গাপুর বাদে অন্য কোনো দেশে কারও আক্রান্ত হওয়ার খবরও এখনও মেলেনি।সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তদের মধ্যে সাতজনের অবস্থা সঙ্কটাপন্ন। আরও দুজন রোগ থেকে সেরে উঠে হাসপাতাল ছেড়েছেন।

এনিয়ে মোট নয়জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানায় মন্ত্রণালয়। পূর্ব এশিয়ার দ্বীপ দেশ সিঙ্গাপুরে সব মিলিয়ে ১ লাখ ৩০ হাজার বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হয়।  তাদের নতুন এ করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে হাই কমিশনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এম জে এইচ জাবেদ। সিঙ্গাপুরে গত ২৩ জানুয়ারি করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী চীনের বাইরে এ পর্যন্ত ২৫টি দেশে আড়াইশর বেশি মানুষের মধ্যে নতুন করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে সিঙ্গাপুরেই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.