জুমবাংলা ডেস্ক : বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধার বিরুদ্ধে দুর্নীতি, সংখ্যালঘু পরিবারকে জোড়পূর্বক দেশত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এলাকাবসী।
বুধবার বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে ওই ইউনিয়নের সাবেক বেশ কয়েকজন চেয়ারম্যান সংবাদ সম্মেলন এলাকাবাসীর পক্ষে এসব অভিযোগ করেন।
এ সময় লিখিত অভিযোগে এইচ এম হাফিজুর রহমান মামুন বলেন, চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা এলজিইডির নির্মিত ওই ইউনিয়নের ১৭টি ব্রিজের মালামাল আত্মসাত করেছে। সে তার নিজের বোনের নামে সরকারি জমিতে নির্মিত ঘর বরাদ্দ দিয়েছে, যা সে বর্তমানে নিজেই ভোগদখল করছে। সে একটি ডাকাতি মামলার আসামি হিসেবে কিছুদিন হাজতবাস করেছে। কিন্তু জামিনে বের হয়েই ওই মামলার সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাক্ষীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে এলাকাছাড়া করেছে।
‘এসব বিষয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হলে তার প্রেক্ষিতে তদন্ত করা হয়। কিন্তু চেয়ারম্যান নানাভাবে প্রভাব বিস্তার করে সুষ্ঠু প্রতিবেদন তৈরিতে বাধার সৃষ্টি করছে।’ বক্তারা সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল মান্নান মৃধা দাবি করেন, যারা সংবাদ সম্মেলন করেছে তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। কিন্তু তিনি এলাকার উন্নয়ন করায় আবারো চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে পারেন, এই আশঙ্কায় তার প্রতিপক্ষরা তাকে হয়রানি করার লক্ষ্যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


