আবু সাঈদ, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবহন শেডে একের পর এক চুরির ঘটনা ঘটেছে। এতে পরিবহন পুলের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় পরিবহন পুল সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের শেড থেকে বাসের কিছু পুরাতন টায়ার চুরি হয়েছে । তবে চুরি হওয়া টায়ারের সংখ্যা জানাতে পারেনি পরিবহন পুল। গত ২০২৫ সালের ৯ ডিসেম্বর পরিবহন শেড থেকে পানির একটি বৈদ্যুতিক মটর চুরি হয়। এছাড়া এর আগে দুটি ব্যাটারি চুরি হয়েছে বলে জানা যায়।
পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার মো. মোবাশ্বেররুল ইসলাম বলেন, “গত ২৭ এপ্রিল আমাকে একজন ড্রাইভার কিছু পুরাতন টায়ার চুরি হওয়ার কথা বলেছেন।টায়ারগুলো আমি দায়িত্ব নেওয়ার আগে রাখা হয়েছিল এবং সেগুলো স্টোরের অধিনে ছিল। তাই আমরা চুরি হওয়া টায়ারের ঠিক সংখ্যা বলতে পারতেছি না। তবে আমরা শেডের পিছনের এলাকায় একটি টায়ার সীমানা প্রাচীরের সাথে ঝুলানো অবস্থায় পেয়েছি।” এছাড়া চুরি আটকতে পরিবহন শেডের এলাকাটির নিরাপত্তা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পরিচালক সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, “চুরির ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে দেখি, গ্যারেজের পাশ দিয়ে ক্যাডেট কলেজের প্রাচীরের দিক দিয়ে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একটি পুরাতন টায়ার ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে চুরির কাজে এটি ব্যবহার করা হয়েছে। এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেছি। তবে চলতি অর্থবছরে বাজেট সংকটের কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তাই আমাদের আগামী অর্থবছরে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানানো হয়েছে।”
আরও পড়ুনঃ
ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, “পানির মটর চুরির বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে এখনো প্রতিবেদন জমা হয়নি। আর সম্প্রতি টায়ার চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


