বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এখন আর পিছিয়ে নেই। তারা বর্তমানে সচিবালয়সহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করছেন। সরকারি চাকরির ক্ষেত্রে তাদের জন্য আলাদা কোটা সুবিধাও রয়েছে।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ‘বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের পুরোনো ধারণা ও সংস্কার থেকে বের হয়ে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। একসময় এ সমাজের মেয়েদের মধ্যে নানা রকম সীমাবদ্ধতা ছিল, যা এখন পরিবর্তিত হয়েছে।
তিনি আরও বলেন, এখন এ সম্প্রদায়ের অনেক মেয়েই বিসিএস ক্যাডারসহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এটি প্রমাণ করে যে সুযোগ পেলে তারা পিছিয়ে নেই।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা শিক্ষিত হলে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ তাদের হাতেই আসবে। তাদের পিছিয়ে থাকার মূল কারণ হলো মানসিকতা, যা পরিবর্তন করা প্রয়োজন।
তিনি পুরোনো মানসিকতা পরিহার করে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



