মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে দীর্ঘদিন ধরে বেদখলে থাকা নিজের জমি আদালতের নির্দেশে ফিরে পেয়েছেন মাহেলা আক্তার নামে এক নারী। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকায় আদালতের আদেশ বাস্তবায়নের মাধ্যমে জমিটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জানা গেছে, বাংলাদেশের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী আদালতের আদেশ বাস্তবায়ন করেন মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন। এর আগে সার্ভেয়ার রুবেল হোসেন জমিটি পরিমাপ করেন।
মাহেলা আক্তার জানান, প্রায় নয় বছর আগে তার স্বামী দলিলের মাধ্যমে জমিটি তার নামে লিখে দেন। ওই জমিতে একটি আধাপাকা ঘর ছিল এবং তিনি সেখানে বসবাস করতেন। তবে তার স্বামীর আগের পক্ষের স্ত্রী ও সন্তানরা জমিটি দখল করে নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশের পর সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করে উদ্ধার করেন এবং তার কাছে দখল বুঝিয়ে দেন।
মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন বলেন, জমির মালিকানা নিয়ে কোনো বিরোধ ছিল না; বিরোধ ছিল কেবল দখলকে কেন্দ্র করে। দীর্ঘদিনের ওই বিরোধের পর আদালতের নির্দেশ অনুযায়ী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় জমি পরিমাপ করে উদ্ধার করা হয়েছে এবং প্রকৃত মালিক মাহেলা আক্তারের কাছে দখল হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



