ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে আট বছর বয়সী এক শিশুর ওপর ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে এক গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভের মুখে অভিযুক্ত আফতাব হোসেনকে অবরুদ্ধ করে রাখার পর পুলিশে সোপর্দ করেছে। শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে মনোহরপুর গ্রামে এই আটকের ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা পেশায় একজন ভ্যানচালক। আজ বিকেল সাড়ে ৩টার দিকে ওই শিশুটি তার দাদির জন্য ওষুধ আনতে গ্রাম্য চিকিৎসক আফতাব হোসেনের কাছে যায়।
ওষুধ নিয়ে প্রায় এক ঘণ্টা পর সে বাড়ি ফেরে। বাড়ি আসার পরপরই শিশুটি তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এদিকে ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আফতাব হোসেনকে তার নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আফতাবকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



