কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাতে ক্যারেঙ্গাঘোনা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের ছেলে কেফায়েত উল্লাহ (৩০) এবং ক্যারেঙ্গাঘোনা গ্রামের মৌলভি রফিকের ছেলে হোবায়েত (১৮)।
৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়। ভোরের দিকে সন্দেহভাজন দুই ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকেই আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমার সীমান্ত থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিল।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবা ও আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



