
গোসল আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো ধৌত করা। ইসলামি শরিয়তের পরিভাষায় গোসল অর্থ হলো, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পূর্ণ শরীর ধৌত করা।
মহান আল্লাহ বলেন, وَ اِنۡ كُنۡتُمۡ جُنُبًا فَاطَّهَّرُوۡا অর্থ: তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, তবে নিজেদের শরীর (গোসলের মাধ্যমে) ভালোভাবে পবিত্র করে নাও। (সুরা মায়েদা: ৬)
গোসল করার পর নামাজের জন্য নতুন করে অজু করতে হবে কিনা, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে নতুন করে অজু করতেন না। (তিরমিজি: ১০৭)
এ থেকে বোঝা যায়, গোসলের পর অজু করতে হবে না। কারণ গোসলের মাধ্যমে অজু হয়ে যায়। গোসলের পর অজু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে অজু করতে হবে না।
হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে গোসলের পর অজু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গোসল অপেক্ষা কোন অজু ব্যাপকতর? (মুসান্নাফ ইবনে আবি শায়বা: ৭৪৮) অর্থাৎ গোসলের মধ্যে পূর্ণ শরীর ধোয়া হয়। আর অজুর মধ্যে নির্দিষ্ট অঙ্গ ধোয়া হয়। তাহলে গোসল অজুর চেয়ে ব্যাপক।
মূলত গোসল করার পর অজু করার কোনো বিধান ইসলামে নেই। ফরজ গোসল হলে কুলি করা ও নাকে পানি দেয়া ফরজ এবং পরিপূর্ণ অজু করে নেয়া সুন্নত, যা গোসলেরই অংশ। আর গোসল ফরজ না হলে কুলি করা ও নাকে পানি দেয়া সুন্নত এবং পরিপূর্ণ অজু করা মোস্তাহাব। তাই যথাযথভাবে গোসল করার পর নতুন করে আবার অজু করার প্রয়োজন নেই। (বুখারি: ২৪৮; বাহরুর রায়েক: ০১/৯৪; আদ্দুররুল মুহতার: ০১/৩২৩)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



