হজ ও ওমরাহযাত্রীদের সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। হজযাত্রীদের ভোগান্তি কমানো এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১১টি ভাষায় ২৪ ঘণ্টা সচল সমন্বিত হটলাইন চালু করেছে। এর ফলে এখন যেকোনো সময় হজ ও ওমরাহ সংক্রান্ত তথ্য, জরুরি সহায়তা কিংবা অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এতে জানানো হয়, আধুনিক এই কল সেন্টারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীরা নিজেদের মাতৃভাষায় সহজেই প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
ঘোষণা অনুযায়ী, ১৯৬৬ নম্বরে কল করে হজ ও ওমরাহ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা যাবে। একই সঙ্গে জরুরি সহায়তা গ্রহণ এবং সেবার মান নিয়ে সরাসরি অভিযোগ জানানোর সুযোগও থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাপ্ত অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুত সমাধানের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, প্রশিক্ষিত ও ভাষাজ্ঞানসম্পন্ন কর্মীরা এই হটলাইনে দায়িত্ব পালন করছেন, যাতে বিভিন্ন দেশের হজযাত্রীরা সহজে তাদের সমস্যা ও প্রয়োজন তুলে ধরতে পারেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া উন্নত কল ম্যানেজমেন্ট প্রযুক্তির মাধ্যমে দক্ষতা অনুযায়ী কল বণ্টন করা হবে, যাতে প্রতিটি হজযাত্রী দ্রুত ও নির্ভুল সেবা পান।
সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।
সূত্র: গালফ নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


