জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিভিন্ন স্থানে সরকারি দল নানা ধরনের অনিয়ম ও বিশৃঙ্খল আচরণ করছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আপনারা দেখেছেন, ইতোমধ্যে অনেক জায়গায় সরকারি দল নানা ধরনের অযৌক্তিক কাজ করছে। তারা গণভোটের বিষয়টিকে উপেক্ষা করেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে বিতর্কিত ও দুর্বল একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “দেশের ৪২টি জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন কেন এ ধরনের নিয়োগ দেওয়া হলো? কেন দলীয় লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে? বিভিন্ন জায়গায় জনগণের প্রত্যাখ্যাত ব্যক্তিদের আবার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, যা জনগণের সঙ্গে এক ধরনের তামাশা।”
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েও সমালোচনা করে বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার স্থান। সেখানে যোগ্য নাগরিক তৈরির পরিবেশ থাকার কথা। কিন্তু এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “মনে রাখতে হবে, মানুষের পরিকল্পনা চূড়ান্ত নয়। আল্লাহ তাআলার পরিকল্পনাই চূড়ান্ত। অতীতেও দেখা গেছে, বড় বড় পরিকল্পনা কয়েক দিনের মধ্যেই পরিবর্তিত হয়ে গেছে।”
রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা রংপুরকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলার কথা বলেছি। এটি কেবল কথার কথা নয়। বাস্তব উন্নয়নের জন্য রাষ্ট্রীয়, বেসরকারি, যৌথ ও আন্তর্জাতিক উদ্যোগসহ সব ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে। ইনশাআল্লাহ, এই অঞ্চলের চেহারা পরিবর্তন হবে।”
এর আগে সকালে একদিনের সফরে রংপুরে পৌঁছান তিনি। সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি মডেল কলেজ অডিটোরিয়ামে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের আমিরদের সম্মেলনে অংশ নেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধন করেন এবং বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



